বরিশাল জেলা প্রশাসনে শিবিরের তান্ডব, ডিসি ও এনডিসি লাঞ্ছিত, পুলিশ--সাংবাদিকসহ আহত ৫০
বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ে রোববার দুপুরে শিবির নেতা--কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা--কর্মচারীদের উপর হামলা চালায় এবং ২টি কক্ষ ও একটি সরকারী গাড়ি ভাংচুর করে।
এ সময় পুলিশ ও সাংবাদিকসহ প্রায় ৫০ জন আহত হয়।
পরে পরিস্থিতি শান্ত করতে এসে জেলা প্রশাসক মো. শওকত নবী এবং ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মোহাম্মদ ইব্রাহীম শিবির কর্মীদের হাতে লাঞ্ছিত হন।
তবে বরিশাল মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর প্রশাসনের অভিযোগ অস্বীকার করে বলেছেন, এনডিসি ইব্রাহীমের নেতৃত্বে মাদ্রাসা ছাত্রদের উপর হামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাংলাদেশ মাদ্রাসা আন্দোলন পরিষদ দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচী পালনের চেষ্টা চালায়। শিবির কর্মীরা মিছিলসহ জেলা প্রশাসকের কাছে যাওয়ার চেষ্টা করলে কর্মচারিরা বাধা দেয়। এসময় জেলা প্রশাসকের কক্ষের সামনে শিবির কর্মীদের সাথে কর্মচারিদের হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে শিবির কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে জেলা প্রশাসনের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন সভাপতি মোল্লা সুলতান আহম্মেদের উপর হামলা চালায়। শিবির কর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে সুলতানের হাত এবং কপালের অংশ বিশেষ কেটে যায়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জেলা প্রশাসক মো. শওকত নবী এবং এনডিসি মোহাম্মদ ইব্রাহীম তাদের কক্ষ থেকে বাইরে বেরিয়ে এলে শিবির নেতা--কর্মীরা তাদেরকেও লাঞ্ছিত করে।
এ ব্যাপারে এনডিসি মোহাম্মদ ইব্রাহীম বলেন, শিবির কর্মীরা আইন অমান্য করে মিছিল সহকারে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করার চেষ্টা করলে তিনি ২/৩ জন নেতাকে স্মারকলিপি নিয়ে ভিতরে প্রবেশ করতে বলেন।
কিন্তু ছাত্ররা ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দেয় এবং একই সাথে তার দপ্তরের ফুলের টব ভাংচুরসহ শিক্ষা এবং এসএ শাখায় তান্ডব চালায়। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ে আসা বিচারপ্রার্থীরা এদিক সেদিক দৌঁড়াদৌড়ি শুরু করেন।
ঘটনার প্রায় ১৫/২০ মিনিট পর কোতোয়ালী থানা পুলিশের চারটি পিকআপ ভ্যানে অর্ধশতাধিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিবির কর্মীদের ধাওয়া করলে কর্মচারী ও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশের বেধড়ক পিটুনিতে শিবিরের নেতা--কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পুলিশ জানায়, ঘটনার সময় শিবিরের উচ্ছৃঙ্খল নেতা--কর্মীদের এলোপাতাড়ি হামলায় এসআই আব্দুল কাদের, কনস্টেবল রফিক, সুলতান, শহীদ ও হক গুরুতর আহত অবস্থায় বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া সংঘর্ষের ছবি তুলতে গিয়ে ফটো সাংবাদিক শামীম আহম্মেদ, নাসিব ও টিটু আহত হয়েছেন।
তবে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর বলেছেন, এনডিসি মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা হয়েছে। কিন্তু হামলার ঘটনায় পুলিশ উল্টো গৌরনদী উপজেলার কাসেমবাদ মাদ্রাসার ছাত্র ইউসুফ শিকদার এবং নগরীর আগরদী ইসলামীয়া মাদ্রাসার ছাত্র শাহদাত হোসেনকে গ্রেপ্তার করেছে।
এছাড়া প্রশাসনের হামলায় আহত মাদ্রাসা ছাত্র সাইফুল, তারিকুল, আল আমিন, সানাউল্লাহ ও রাসেলসহ ১২/১২ জন বর্তমানে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি ঘটনার সাথে ছাত্র শিবির জড়িত নয় বলেও দাবি করেছেন।
জেলা প্রশাসক মো. শওকত নবী তার কার্যালয়ে হামলার কথা স্বীকার করে বলেছেন, মাদ্রাসার ছাত্ররা তার সঙ্গে খারাপ আচরণ করেছে। তিনি আরও জানান, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হামলার চার ঘন্টা পর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।
ডেপুটি কালেক্টরেট ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহীম বাদী হয়ে রোববার বিকেল ৫টার দিকে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় শাহাদাত হোসেন বেল্লাল এবং মো. ইউসুফ শিকদারসহ সাগরদী মাদ্রাসার কামিলের ছাত্র মাইনুদ্দিন, মাদ্রাসা ছাত্র আন্দোলন পরিষদ জেলা শাখার আহবায়ক জামাল উদ্দিন, আবদুল হান্নান, কামরুল ইসলাম ও তারেককে আসামী করা হয়েছে।
এছাড়া আরো ৭০/৮০ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামী করা হয়।
মামলায় বলা হয়, হামলাকারীরা সরকারি সম্পদ ও সরকারি কর্মচারীদের উপর অতর্কিত হামলা চালিয়ে সরকারি সম্পদের ব্যাপক ক্ষতিসাধন করেছে। এছাড়া হামলাকারীদের ইট - পাটকেল, লাঠি ও ছুরির আঘাতে পুলিশসহ ১৬ জন সরকারী কর্মচারী আহত হয়েছে। আহত ১৬ সরকারি কর্মচারী বর্তমানে হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
