সংঘাত বাড়লে পার্বত্য চট্টগ্রামে জাতিসংঘের প্রকল্প বাধাগ্রস্ত হতে পারে
পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের দুই পক্ষের মধ্যে সহিংসতা বাড়তে থাকলে জাতিসংঘের অর্থায়নে বাস্তবায়নাধীন পাঁচ কোটি মার্কিন ডলার এর প্রকল্প বাধাগ্রস্ত হতে পারে।
রোববার ঢাকায় বিডিনিউজ২৪ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে নামপ্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের এক কর্মকর্তা এ আশঙ্কা জানান। গত কয়েক মাসে তিন পার্বত্য জেলায় - খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি - পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘ উদ্বিগ্ন বলে তিনি জানান।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে দুই দশকের বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার ও জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু ওই অঞ্চলে আরও স্বায়ত্বশাসনের দাবিতে ইউপিডিএফ ওই চুক্তির বিরোধিতা জানিয়ে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায়ই গুলিবিনিময়ের ঘটনা ঘটে থাকে।
জাতিসংঘের ওই কর্মকর্তা অবশ্য জানান, ওই অঞ্চলে বর্তমানে বাস্তবায়িত হচ্ছে জাতিসংঘের এমন কয়েকটি উন্নয়ন প্রকল্প ২০০৯ সাল নাগাদ শেষ হওয়ার পথে বড় কোন বাধা নেই। তবে সহিংসতা অব্যাহত থাকলে ওই অঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে সেখানে বড় ধরনের কোন বাধার সম্মুখীন হচ্ছি না। কিন্তু পরিস্থিতি ঠিকভাবে সামাল দিতে না পারলে আমাদের এসব প্রচেষ্টা কোন এক সময় বাধাগ্রস্ত হতে পারে।’
পার্বত্য চট্টগ্রামের যোগাযোগ ও চিকিৎসা ব্যবস্থা এখনো অনেক পিছিয়ে আছে। মূলত তিন পার্বত্য জেলার অবকাঠামোগত উন্নয়ন এবং ওই অঞ্চলের বসবাসরত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে এসব প্রকল্প বাস্তবায়ন করছে। ইউরোপীয় কমিশন (ইসি), অস্ট্রেলিয়া, জাপান, নরওয়ে ও ইউএসএআইডি জাতিসংঘ উন্নয়ন তহবিল ইউএনডিপির মাধ্যমে ওইসব প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ সরবরাহ করেছে। ২০০৫ সালে এসব প্রকল্প হাতে নেওয়া হয়।
জাতিসংঘ কর্মকর্তা অবশ্য দাবি করেন সংঘাতে লিপ্ত হলেও উভয় পক্ষই তাদের প্রকল্প বাস্তবায়নের সমর্থন জানিয়েছে। তিনি বলেন, ‘এ বিষয়ে উভয় পক্ষই একমত যে আমরা তাদের জন্য ভালো কিছু করছি।’
তিনি ওইসব প্রকল্পের মূল লক্ষ্য অনুধাবনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, কোন নির্দিষ্ট পক্ষকে নয়, ওই অঞ্চলের প্রতিটি জাতিগোষ্ঠীর মানুষকে সাহায্য করার লক্ষ্যে ওইসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, ‘দারিদ্র থাকলে ওই অঞ্চলে শান্তি বজায় রাখা সম্ভব হবে না।’
ইউএনডিপির এক জরিপে দেখা গেছে, সম্পদশালী হলেও ওই অঞ্চলের ৪০ শতাংশেরও বেশি মানুষ এখনো বেকার এবং মাত্র ৩০ শতাংশ জাতীয় দারিদ্রসীমার ওপরে বাস করে।
