বাজিতপুরে ১৪৪ ধারা অমান্য করে বিএনপির দুই গ্র“পের জনসভা
কিশোরগঞ্জের বাজিতপুরে শনিবার বিকেলে ১৪৪ ধারা অমান্য করে ক্ষমতাসীন দল বিএনপির বিপক্ষ দুটি গ্র“প পাল্টাপাল্টি জনসভা করেছে।
নিকলী--বাজিতপুর আসনের সাংসদ মজিবুর রহমান মঞ্জুর ও অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদলের কর্মী - সমর্থকদের মধ্যে ১৭ সেপ্টেম্বর সংঘর্ষের পর থেকে দুটি গ্র“পের মধ্যে উত্তেজনা চলে আসছে। এরই জের ধরে বিপক্ষ দুটি গ্র“প শনিবার একই সময়ে একই স্থানে জনসভা আয়োজন করলে জেলা প্রশাসন বাজিতপুর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে।
সূত্র জানায়, দলীয় নেতা--কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিএনপির চার মনোনয়ন প্রত্যাশী নেতা অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, শিল্পপতি শেখ মজিবুর রহমান ইকবাল, ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ গোলাপ ও ব্যবসায়ী সালেহুজ্জামান খান রুনু ঐক্যবদ্ধভাবে শনিবার বিকেলে স্থানীয় ডাকবাংলা মাঠে জনসভা আহ্বান করেন।
অপরদিকে সাংসদ মজিবুর রহমান মঞ্জু সমর্থিত জাতীয়তাবাদী ছাত্রদলও একই স্থানে একই সময় সমাবেশ আহ্বান করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ পরিস্থিতিতে শনিবার বিকেলে সাংসদ মজিবুর রহমান মঞ্জু কড়া পুলিশ প্রহরায় শহরের কৈলাগ রাস্তার মোড়ে এবং তার প্রতিপক্ষ গ্র“প নাজিম ভূয়ার মাঠে জনসভা করে।
সাংসদ মজিবুর রহমান মঞ্জুর জনসভায় সভাপতিত্ব করেন তার ছেলে ও উপজেলা ছাত্রদলের সভাপতি মাহমুদুর রহমান উজ্জ্বল। সভায় সাংসদ মঞ্জু আগামী নির্বাচনে মনোনয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে প্রতিপক্ষকে ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করেন।
অপরদিকে প্রতিপক্ষ গ্র“পের সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কাইয়ুম খান হেলাল। এতে মনোনয়ন প্রত্যাশী তিন বিএনপি নেতা অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, শিল্পপতি শেখ মজিবুর রহমান ইকবাল ও ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ গোলাপ বক্তব্য রাখেন।
সভায় তারা বলেন, এলাকার জনগণ সাংসদ মঞ্জুর পতন চায় এবং তার পতন না হওয়া পর্যন্ত জনগণ ঘরে ফিরে যাবে না।
সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বাজিতপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশতাক আহমেদ বলেন, একই স্থানে দুপক্ষ সভা আহ্বান করায় উত্তেজনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়।
