২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের বিক্ষোভ শনিবার

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট বৃহস্পতিবার হরতাল চলাকালে নেতা--কর্মীদের ওপর পুলিশী হামলার প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2006, 10:11 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৬ সেপ্টেম্বর এবং অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের প্রতিবাদে ৬ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্মসূচি সফল করার জন্য তৃণমূল পর্যায়ের নেতা--কর্মীদের  নির্দেশও দিয়েছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলীয় বিরোধী জোটের সমন্বয়ক আব্দুল জলিল শুক্রবার নগরীর বঙ্গবন্ধু এভিনিউতে এক বিক্ষোভ সমাবেশে শনিবারের বিক্ষোভ সফল করার জন্য ১৪ দলের নেতা--কর্মীদের প্রতি আহ্বান জানান।    

জলিল বলেন, পুলিশ ব্যবহার করে দমন--পীড়নের নীতি গ্রহণের মাধ্যমে বর্তমান সরকার টিকে থাকতে পারবে না।

শান্তিপূর্ণ হরতাল চলাকালে পুলিশী হামলার ব্যাপারে অভিযোগ করে তিনি বলেন, কোন গণতান্ত্রিক সরকারই জনগণের বিক্ষোভ ও হরতাল পালনের সাংবিধানিক অধিকার প্রত্যাখান করতে পারে না।

রাজধানীতে বৃহস্পতিবার হরতাল চলাকালে পুলিশী হামলার প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ওইদিন হরতালের সময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা বাহাউদ্দিন নাসিমসহ বেশ কয়েকজন নেতাকে পুলিশ বেধড়ক মারধর করে।

১৪ দলের এক জরুরী বৈঠকে তিনটি ইস্যুতে পৃথক তিনদিন দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।