বাকৃবি ছাত্র ইউনিয়নের সম্মেলনে ছাত্রদলের হামলা, আহত ২০
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্র ইউনিয়ন সংসদের ২০তম সম্মেলনে বৃহস্পতিবার ছাত্রদল হামলা করে। এতে ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সদস্যসহ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের ২০ জন নেতা--কর্মী আহত হয়।
বিকাল সোয়া পাঁচটা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার পর শেষের দিকে সন্ধ্যা সাড়ে ৭টায় বাকৃবি শাখা ছাত্রদলের ক্যাডাররা সেখানে হামলা চালায়।
এ ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে এবং সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
হামলায় ছাত্রদলের ক্যাডাররা মঞ্চের ডায়াস, মাইক্রোফোন, সাউন্ড সিস্টেম, মিলনায়তনের চেয়ার--টেবিল ভাংচুর করে। এছাড়া তারা সম্মেলনের ব্যানার ছিড়ে ফেলে।
ছাত্রদলের হামলায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সদস্য দীপায়ন দাস শুভসহ ২০ নেতা--কর্মী আহত হয়।
তবে ছাত্রদল দাবি করছে, অনুষ্ঠানে ছাত্র ইউনিয়নের বক্তারা ছাত্রদল ও জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে কুৎসা রটনা করায় তারা এ ঘটনা ঘটায়।
ঘটনার প্রায় দশ--পনেরো মিনিট পর বাকৃবির অ্যাডভাইজার প্রফেসর নজমুল হাসান, নবনিযুক্ত প্রক্টর প্রফেসর ড. মো. খোরশেদ আলম ও সহকারী প্রক্টর এসে ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে সম্মেলন পণ্ড হয়ে যায়।
ছাত্রদলের অতর্কিত হামলায় ছাত্র ইউনিয়ন ক্ষোভ প্রকাশ করেছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি সামসুল আলম সজ্জন এ ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করেন এবং নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে এর বিচার দাবি করেন।
ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের সভাপতি গোপাল সাহা বলেন, ছাত্রদলের এ আচরণ ছাত্র রাজনীতিকে কলুষিত করছে।
