ওয়াকআউটটি আসলে কারা করলো?
স্পিকার জমিরউদ্দিন সরকার তখনও আজকের দিনের মতো সংসদ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেননি। কিন্তু তার আগেই অর্থাৎ রোববার রাত সাড়ে ৯টার দিকে বিএনপি সাংসদরা বেরিয়ে গেলেন সংসদ থেকে।
আর এ ঘটনার প্রতিবাদে বিরোধী দল আওয়ামী লীগের সাংসদরা ওয়াকআউট করলেন।
স্পিকার প্রতিশ্র“তি দিয়েও পয়েন্ট অব অর্ডারে ফ্লোর না দেওয়ায় আওয়ামী লীগের সাংসদরা বিরোধী দলীয় উপনেতা আবদুল হামিদের নেতৃত্বে রোববার সংসদের বৈঠক মূলতবির ঠিক শেষ মূহুর্তে সংসদ থেকে ওয়াকআউট করেন।
সংসদের বৈঠক আগামী সোমবার সন্ধ্যা ৭টায় আবার বসবে।
স্পিকার জমিরউদ্দিন সরকার বাতিল নোটিশ ও ৭১ বিধিতে আনা নোটিশের নিষ্পত্তির পর পয়েন্ট অব অর্ডারে ফ্লোর দাবি করলে স্পিকার আইন প্রণয়ন শেষে তাদের ফ্লোর দিতে চান।
তার আশ্বাসের প্রেক্ষিতে বিরোধী দলের সদস্যরা ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা বিল, ২০০৬’ ও ‘ট্রান্সফার অব প্রোপার্টি (সংশোধন) বিল, ২০০৬’ পাসে অংশ নেন।
বিল দুটি পাসের পরই বৈঠকে উপস্থিত আইনমন্ত্রী মওদুদ আহমদসহ সরকারি দলের সদস্যরা একযোগে বেরিয়ে যেতে শুরু করেন। এ সময় বিরোধী দলের সদস্যরা পয়েন্ট অব অর্ডারের জন্য হই চই শুরু করেন এবং স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন।
এক পর্যায়ে বিরোধী দলের উপনেতা আবদুল হামিদ স্পিকারের উদ্দেশ্যে বলেন, ‘বিরোধী দলের সদস্যদের দাবির প্রেক্ষিতে আপনি রুলিং দিয়েছিলেন। এখন আপনার রুলিংয়ের কারণে মন্ত্রীসহ সরকারি দলের সদস্যদের উপস্থিত থাকা দরকার। কিন্তু আপনার রুলিং উপেক্ষা করে মন্ত্রীসহ তারা বেরিয়ে যাচ্ছেন, যা অনৈতিক’।
এ সময় স্পিকার আওয়ামী লীগের রহমত আলীকে ফ্লোর দিলে তিনি কথা শুরুর আগেই মন্ত্রীর বিশেষ অধিকারে মওদুদ আহমদ দাঁড়িয়ে যান এবং
বলেন, ‘দিনের কার্যসূচি শেষ হওয়ার আগে এ ধরনের পয়েন্ট অব অর্ডার দেওয়া একটা খারাপ নজীর স্থাপন করবে। তার চেয়ে আপনি তাদের আগামী কার্যদিবসে ফ্লোর দেন।’
তবে এ যাত্রায় ফ্লোর দেওয়ার ব্যাপারে স্পিকারের সদিচ্ছা থাকলেও মন্ত্রীদের আপত্তির মুখে তিনি আর পারলেন না। পরে স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের পরামর্শে স্পিকার বিরোধী দলের বক্তব্যটুকু কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করে দেন।
