রাজউকের প্ল¬ট বরাদ্দ মামলাতেও এরশাদের অব্যাহতি, আপডেট
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির মামলাতেও অব্যাহতি পেলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। রোববার এ মামলার রায় ঘোষণার আগে আরো দুবার তারিখ পেছানো হয়েছিল।
মামলার রায়ে বিচারক বলেন, মিথ্যা মামলা জেনেও মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কারণে চার্জশিট দাখিল করেছেন। এর ফলে নির্দোষ হয়েও সাবেক রাষ্ট্রপতি লে. জে.(অব.) এইচএম এরশাদকে ১৪ বছর এই মামলার ঘানি টানতে হয়েছে।
ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমান রোববার সকাল ১১ টা থেকে ১১ টা ২২ মিনিট পর্যন্ত এরশাদের উপস্থিতিতে মামলার এই রায় ঘোষণা করেন।
রায়ে বিচারক বলেন, এরশাদের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। কিন্তু এ অভিযোগ রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই ধারা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য। আর বাংলাদেশের সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও সরকারি কর্মচারি এক ব্যক্তি নন। ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনেও একই কথা বলা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯১ সালের ২৪ এপ্রিল অধুনা বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা সাজ্জাদ হোসেন মতিঝিল থানায় দায়ের করা মামলায় বলেন, সাবেক রাষ্ট্রপতি ক্ষমতায় থাকার সময় রাজউকের প্রচলিত নিয়ম উপেক্ষা এবং ১৯৫৩ সালের নগর উন্নয়ন আইন ভঙ্গ করে তৎকালীন ৫ মন্ত্রীসহ ৪৯ জনকে গুলশান, বনানী, বারিধারা ও উত্তরা আবাসিক এলাকায় প্লট বরাদ্দ দিয়ে নিজে ও অন্যদের লাভবান করেছেন।
কাজী জাফর আহমেদ, মেজর জেনারেল (অব.) কাজী গোলাম দস্তগীর, এবিএম রহুল আমিন হাওলাদারসহ ৫ মন্ত্রী, ১৩ সরকারি কর্মচারি এবং ৩১ বেসরকারি ব্যক্তিকে এরশাদ বেআইনীভাবে প্লট বরাদ্দ দেন বলে ওই মামলায় অভিযোগ করা হয়।
মামলা দায়েরের পর ঐ বছরের ৯ ডিসেম্বর মতিঝিল থানার এসআই মজিবর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। এতে এরশাদকে একমাত্র আসামি হিসাবে উল্লেখ করা হয়। পরের বছর ৯ মার্চ এরশাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। মামলার ৪৭ জন সাক্ষীর মধ্যে ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত মাত্র ৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। পরে ১৯৯৯ সালের ১০ অক্টোবর এরশাদ নিজেকে নির্দোষ দাবি করে আদালতে লিখিত বক্তব্য দাখিল করেন।
মামলার রায়ে বিচারক আরো বলেন, এরশাদ তার স্ত্রী, সন্তান বা নিজের নামে অথবা আত্মীয় স্বজনের নামে প্লট বরাদ্দ করেননি। যাদের নামে প্লট বরাদ্দ করা হয়েছে তাদের কাছ থেকে এরশাদ কিভাবে লাভবান হয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা তা পরিস্কারভাবে উল্লেখ করেননি।
তাছাড়া রাষ্ট্রপক্ষের ২ নং সাক্ষী রাজউকের তৎকালীন চেয়ারম্যান হুমায়ুন খাদেম এবং ৩ নং সাক্ষী রাজউকের তৎকালীন পরিচালক এ আর ভূঁইয়া জেরার উত্তরে বলেছেন, নির্ধারিত মূল্য ও পদ্ধতি অনুসরণ করেই রাজউকের প্লট বরাদ্দ করা হয়।
বিচারক আরো বলেন, প্লট প্রাপ্তিতে লাভবান ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়নি। অথবা রাজউকের অন্য সংশ্লিষ্ট কর্মকর্তা বা ভূমি মন্ত্রণালয়ের কারো বিরুদ্ধে মামলা হয়নি। সুতরাং এরশাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে।
এদিকে বিচারক রায় ঘোষণার পরপরই এরশাদের আইনজীবীরা এজলাস কক্ষেই ‘আল্লাহু আকবর’ ধ্বনি তুলে মিছিল করে আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন।
এসময় এরশাদ জানান, তিনি সবগুলো মামলা থেকেই খালাস পাবেন।
উলে¬খ্য, এরশাদকে সাম্প্রতিক সময়ে তিনটি মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
