সংস্কার ও নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া কোন নির্বাচন হবে না ঃ মেনন
ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার সংস্কার ও নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া বাংলার মাটিতে কোন নির্বাচন হতে দেয়া হবে না।
মুক্তাগাছা পৌর মুক্তমঞ্চে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ওয়ার্কার্স পার্টি উপজেলা শাখা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ হুশায়ারী উচ্চারণ করেন।
তিনি আরও বলেন, চার দলীয় জোট সরকার ১৪ কোটি মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে নিজেরাই ধনকুবের হচ্ছে। বাংলার জনগন এটা কখনোই মেনে নেবে না। তিনি রুটি রুজির সংগ্রামকে জোরদার করে তোলাসহ ২৩ দফা বাস্তবায়নের জন্য কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া ১৮ সেপ্টেম্বরের মহাসমাবেশকে সফল করে তোলার জন্যও তিনি আহ্বান জানান।
ওয়ার্কাস পার্টির উপজেলা নেতা মো. ফকরউদ্দিন খানের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারীমুক্তি সংসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড হাজেরা সুলতানা, ময়মনসিংহ জেলা সম্পাদক সুজিত বর্মন, মুক্তাগাছা উপজেলা সম্পাদক জাকির হোসেন বাবুল ও ১৪ দলের সাবেক সাংসদ খন্দকার আব্দুল মালেক শহিদুল্লাহ।
