২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় গার্মেন্টস শ্রমিক--পুলিষ সংঘর্ষে ৩০ জন আহত

ন্যূনতম মজুরী তিন হাজার টাকা নির্ধারণ এবং ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের দাবিতে নারায়নগঞ্জের ফতুল্লায় শনিবার বিকেলে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ঘন্টাব্যাপী এই সংঘর্ষে ২ পুলিশ কনস্টেবলসহ কমপক্ষে ৩০ গার্মেন্টস শ্রমিক আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়নগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার কাঠের পুল এলাকার লিবার্টি গার্মেন্টস এবং আকবর নিটিং কারখানার শ্রমিকরা সর্বপ্রথম বিকেল তিনটার দিকে কারখানা থেকে বেরিয়ে এসে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভকারী শ্রমিকরা ঢাকা--নারায়নগঞ্জ লিংক রোডের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। কিন্তু শ্রমিকরা বাধা উপেক্ষা করে আগানোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্য করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট--পাটকেল নিক্ষেপ করতে থাকে।

একপর্যায়ে ফতুল্লার পলমল, টাইম, মাইক্রোফাইবার, রুপসী ও রহমান গার্মেন্টস থেকেও হাজার হাজার শ্রমিক বের হয়ে এসে বিক্ষোভকারীদের সাথে যোগ দেয়। তখন শ্রমিকরা আবার ঢাকা--নারায়নগঞ্জ লিংক রোডের দিকে আগানোর চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া--পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশও বেধড়ক লাঠিচার্য করে। একপর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাসও নিক্ষেপ করে।

সংঘর্ষ চলাকালে গার্মেন্টস শ্রমিক মোতালেব, মোস্তফা, কামরুল, সুমন ও রুবেল এবং পুলিশ কনস্টেবল পরীক্ষিত ও সোহেলসহ ৩০ জন আহত হয়। আহতদের ঢাকা ও নারায়নগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের পর ফতুল্লা স্টেডিয়ামের বাইরের মাঠে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবি নেতা হাফিজুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ইকবাল, মামুন ও শাহীন। সমাবেশে বক্তারা অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের নায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।  

এদিকে সংঘর্ষের পর বিক্ষুব্ধ শ্রমিকরা যাতে ঢাকা--নারায়নগঞ্জ লিংক রোড অবরোধ করতে না পারে সে জন্য সেখানে র‌্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া ফতুল্লার কাঠের পুল, সস্তাপুর, শিবু মার্কেট, কুতুবাইল ও পোস্ট অফিস এলাকায় অবস্থিত বিভিন্ন গার্মেন্টস কারখানার সামনেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষ চলাকালে টয়ার গ্যাসের ৫টি শেল নিক্ষেপ করা হয়।