দুর্নীতির অভিযোগ এড়িয়ে গেলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষের (ডেসা) ২ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ সোমবার জাতীয় সংসদে এড়িয়ে গেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল ইসলাম তালুকদার।
আওয়ামী লীগ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম এ অভিযোগের বিষয়টি উল্লেখ করে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান।
জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, পিডিবি থেকে ডেসা এবং ডেসা থেকে ডেসকো সৃষ্টি করা হয়। কিন্তু এ সময় নতুন প্রতিষ্ঠানগুলোকে দেওয়া সম্পদের বণ্টন যথাযথভাবে করা হয়নি। কিন্তু বর্তমান সরকার যথাযথভাবে সম্পদ বন্টন ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে। কমিটির প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে সেখানে কোনও দুর্নীতি হয়েছে কি না।
এদিকে সোমবার জাতীয় সংসদে সরকার দলীয় প্রায় সকল সাংসদই তাদের নির্বাচনী এলাকায় বিদ্যুতের তীব্র সংকট এবং ৩ থেকে ১৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ করে অবিলম্বে এর সুরাহা দাবি করেন।
সিলেটের বিয়ানিবাজার থেকে নির্বাচিত বিএনপির সাংসদ ড. সৈয়দ মকবুল হোসেন অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকায় প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। ফলে তার এলাকার জনগণ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।
জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এত সময়ের জন্য বিদ্যুৎ না থাকায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘এ ধরনের অভিযোগ আমি নতুন শুনলাম। যদি এমন হয়ে থাকে তবে তা দুঃখজনক’।
