সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বেগের কথা স্বীকার করলেন মান্নান ভুঁইয়া
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াও স্বীকার করলেন সুষ্ঠু নির্বাচন নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ আছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সফররত মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল এনডিআই এর উদ্বেগ প্রসঙ্গে তিনি আরো বলেন, আমরাও চাই দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। এজন্য তারা পর্যবেক্ষক পাঠাক, এটা আমরা চাই।
বিরোধী দলের হরতাল নিয়ে সচিবালয়ে নিজ কার্যালয়ে রোববার বিভিন্ন গণমাধ্যম সাংবাদিকদের উদ্দেশ্যে মান্নান ভূঁইয়া বলেন, ‘শুধু এনডিআই নয় সুষ্ঠু নির্বাচন নিয়ে দেশের অনকে মানুষও উদ্বেগ প্রকাশ করেছে’। বিরোধী দলের সঙ্গে আলোচনায় আগ্রহ জানিয়ে মান্নান ভূঁইয়া বলেন, ‘সুযোগ শেষ হয়ে যায়নি, এখনো আলোচনা সময় আছে। বিরোধী দল নানা অজুহাতে আলোচনায় বসছে না। আর মাত্র কয়েকটা কার্যদিবস বাকি আছে বর্তমান সরকারের মেয়াদ শেষ হতে। বিরোধী দলের উচিত সময় নষ্ট না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা’।
মান্নান ভূঁইয়া আবারো বিরোধী দলের প্রতি ধ্বংসাত্মক কর্মসূচি পরিহার করে আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাব নিয়ে সঙ্কট সমাধানের আহ্বান জানিয়েছেন।
মান্নান ভূঁইয়ার মতে, সংস্কার প্রস্তাবের মাধ্যমে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টাই বিরোধী দলের উদ্দেশ্য। তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচন কমিশনের সংস্কার নয়, তারা আগামী নির্বাচনে জেতার নিশ্চয়তা চায়।
আগামী দেড়মাসের মধ্যে সরকারের পতন ঘটানোর বিরোধী দলের হুমকির সমালোচনা করে তিনি বলেন, এই সময় তাদের আন্দোলন অযৌক্তিক। দেড় মাসের মধ্যে সরকারের পতন ঘটানোর জন্য এত কষ্টের কি দরকার? দেড় মাসের পরে আর মাত্র ১৫ দিন সময় দিলে সরকার এমনিতেই পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তর করবে।
