খুলনায় শ্রমিক পুলিশ সংঘর্ষে আসামি ১৬ হাজার
খালিশপুর শিল্পাঞ্চলে পাওনা টাকা আদায়ের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সাথে সংঘর্ষের ঘটনায় পুলিশ শুক্রবার বিকেলে ১৬ হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শ্রমিকরা প্রতিশ্র“তি অনুযায়ী তাদের মোট পাওনা ৪০ কোটি ৯ লাখ টাকা না পেলে ১০ সেপ্টেম্বর হরতালসহ ঘোষিত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানা গেছে।
বিজেএমসির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে এক ফ্যাক্সবার্তায় ২০ কোটি টাকা ছাড় করার কথা জানালেও শ্রমিকরা আন্দোলন অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা খতিয়ে দেখার জন্য কেএমপির সহকারী কমিশনার (অপরাধ) সমীর কুমার কুণ্ডুর নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে শুক্রবার রাতে কেএমপি সদর দফতরে শ্রমিক নেতাদের সাথে কেএমপি কমিশনার খান সাঈদ হাসানের সমঝোতা বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
পাট, সূতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি সরদার মোতাহার উদ্দিন জানান, পুলিশের গুলিতে আমাদের শ্রমিক নিহত হয়েছে। বিজেএমসি পুরো টাকা শোধ করেনি। এ রকম পরিস্থিতিতে আন্দোলন অব্যাহত রাখা ছাড়া কোনও বিকল্প নেই। ফলে কেএমপির সাথে সমঝোতা করার কিছু নেই।
অপরদিকে পুলিশ খালিশপুর থানায় ১৬ হাজার শ্রমিককে আসামি করে দুটি মামলা দায়ের করেছে। একটি মামলায় ৬ হাজার এবং অপর মামলায় ১০ হাজার শ্রমিককে আসামি করা হয়।
শ্রমিকদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার রাতে মিলের সামনে শবে বরাতের নামাজ আদায় করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।
