২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রব ও কাদের সিদ্দিকীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠনের ঘোষণা

ইউনিটি ফর পলিটিক্যাল রিফর্মের (ইউপিআর) সমন্বয়ক আসম আব্দুর রব এবং কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী চারটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠনের ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2006, 04:30 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

ফ্রন্টের অন্য দুই শরীক হচ্ছে নূরে আলম জিকুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও সেকেন্দার আলী মনির নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শনিবার এক সংবাদ সম্মেলনে চার দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে যুক্তফ্রন্ট গঠনের ঘোষণা দেয়া হয়। সে সময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাসদের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন।

যুক্তফ্রন্টের ৫টি মূলনীতি হচ্ছে জাতীয় ঐক্য, দেশ শাসনে জনগণের অংশগ্রহণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জনকল্যাণমূখি অর্থনীতি ও উদার মানবিক মূল্যবোধ।

সংবাদ সম্মেলনে এই মূলনীতির ভিত্তিতে যুক্তফ্রন্টের ৮ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসম রব বলেন, শুধু নির্বাচন নয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোর ঐক্য সুসংহত করার জন্য ফ্রন্টটি গড়ে তোলা হয়েছে।

বিরোধী দলের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ছাড়া যুক্তফ্রন্ট নির্বাচনে অংশ নেবে কিনা, এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, এখনো নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। সময় হলে ফ্রন্ট নিজের অবস্থান তুলে ধরবে। শুধুমাত্র বিরোধী দলের ওইসব সংস্কার প্রস্তাবের ভিত্তিতে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। সুষ্ঠূ নির্বাচনের জন্য যুক্তফ্রন্টের সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন দরকার।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইউপিআর-এর সদস্য সচিব আব্দুল বাতেন চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান, জাসদের কার্যকরি সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিক, লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।