সাংবাদিক গৌতম হত্যা মামলা তিন মাসের জন্য স্থগিত
হাইকোর্টের স্থগিতাদেশের কারণে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন সাংবাদিক গৌতম দাস হত্যা মামলা তিন মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত হয়ে গেছে।
আজ বুধবার ঢাকা - ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিনের আদালতে গৌতম হত্যা মামলার বাদী সমকাল পত্রিকার ফরিদপুর প্রতিনিধি মো. হাসানউজ্জামানের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি।
মামলার রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলি পিপি আব্দুল লতিফ তালুকদার জানান, মামলার ওপর হাইকোর্ট তিনমাসের অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে। বিচারক বক্তব্য শুনে শুনানী মূলতবি রেখে হাইকোর্টের নিষেধাজ্ঞার এভিডেভিট কপি জমা দিতে বলেন।
আদালত সূত্রে জানা গেছে, সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার আসামী তামজিদ হোসেন বাবুর হাইকোর্টের অবকাশকালীন বিচারপতি নজরুল ইসলাম এবং বিচারপতি সিদ্দিকুর রহমানের আদালতে এক রিটের পরিপ্রেক্ষিতে গত সোমবার তিন মাসের স্থগিতাদেশ দেওয়া হয়।
রিট আবেদনে বলা হয়, গৌতম দাস হত্যা মামলাটি জজ কোর্টের মাধ্যমে স্বাভাবিক পন্থায় দ্রুত বিচার ট্রাইবুনালে না এসে ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে এসেছে বলে এক্ষেত্রে আইনের শর্ত রক্ষিত হয়নি।
গত বছরের ১৭ নভেম্বর সাংবাদিক গৌতম দাসকে হত্যা করা হয়। এ বছরের ১৯ জানুয়ারি ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। গত ৩ আগস্ট আদালতে চার্জ গঠন করা হলেও আদালতে বাদীর সাক্ষ্য গ্রহণ এখনও শুরু হয়নি।
