কেএম হাসানের অধীনে কোন নির্বাচন নয়, বললেন শেখ হাসিনা, আপডেট
‘কেএম হাসানের অধীনে কোন নির্বাচন নয়’, আবারও জোর দিয়ে বললেন আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা।
হোটেল শেরাটনে বৈদেশিক সংবাদদাতাদের সংস্থা ওকাবের সদস্যদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিচারপতি কেএম হাসানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলে সেটি হবে বর্তমান জোট সরকারেরই সম্প্রসারণ। তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন সংস্কার ছাড়া কোনও নির্বাচন অনুষ্ঠিত হবে না। সংস্কারের পরই কেবল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
হাসিনা বলেন, ‘প্রথমবার সংলাপের উদ্যোগ নেওয়ার সময় প্রধানমন্ত্রী তার দলের মহাসচিবের ওপর আস্থা রাখতে না পারায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার মধ্যে সংলাপ অনুষ্ঠানের কোনও সম্ভাবনা নেই’।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা জানেন, প্রথমবার সংলাপের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তাতে আব্দুল মান্নান ভূঁইয়াকে রেখে প্রধানমন্ত্রী ওই দলে জামায়াত এবং ইসলামি ঐক্যজোটের সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করেছিলেন’।
হাসিনা বলেন, তার মানে প্রধানমন্ত্রীই যদি তার মহাসচিবের ওপর আস্থা রাখতে না পারে তবে তার সাথে সংলাপ করে কী হবে?
বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দূর করার জন্য সরকারের হাতে এখনও ৫০ থেকে ৫২ দিনের মতো সময় আছে বলে তিনি জানান।
সংস্কার প্রশ্নে হাসিনা বলেন, নির্দিষ্ট কোনও দলের স্বার্থে নয়, জনগণের অধিকার নিশ্চিত করতেই তারা এই দাবি জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সংস্কার চান না। তিনি ভালো করেই জানেন যে, সঠিক নির্বাচন হলে তার ভরাডুবি হবে। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের অন্যায়ের জবাব দেবে’।
আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা দৃঢ়তার সাথে বলেন, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার হস্তান্তর হবে। তৃতীয় শক্তি বা তৃতীয় কোন দেশের এখানে মধ্যস্থতা করার কোন সুযোগ নেই।
দেশে কোনও রাজনৈতিক সংকট দেখা দিলে সেটা জনগণই সমাধান করবে বলে তিনি জানান।
সরকার কেন স্বচ্ছ ব্যালট বাক্স এবং ভোটারদের ছবি ব্যবহারের পক্ষে নয়Ñ এ ব্যাপারে প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, এ পদক্ষেপ জনগণের স্বার্থকেই রক্ষা করবে।
১৫ ফেব্র“য়ারির মতো নির্বাচনের আশংকা করেন কিনা এর জবাবে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার সরকার ওই নির্বাচন সামাল দিতে পারে নাই, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে দেবে?
বিচারপতি কেএম হাসানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনও নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে শেখ হাসিনা জানান। তিনি তাকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেন।
বিচারপতি হাসান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন এবং বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানির সময় তিনি বিব্রত বোধ করেছিলেন বলেও শেখ হাসিনা অভিযোগ তুলেন।
