ছাত্রলীগ নেতা হত্যা মামলায় আসামি ১২ ছাত্রলীগ নেতাকর্মী
বাগেরহাটের যাত্রাপুরে ছাত্রলীগ নেতা রাজু শেখ হত্যাকাণ্ডে স্থানীয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ১২ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।
নিহত রাজুর (২২) পিতা নূর মোহম্মদ বাগেরহাট থানায় সোমবার রাতে এ মামলা দায়ের করেন। তবে পুলিশ সোমবার রাতভর অভিযান চালিয়েও কাউকে গ্রেফতার করতে পারেনি।
এদিকে মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে রাজুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাদ আসর যাত্রাপুর রেল স্টেশন সংলগ্ন নিজ বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়েছে।
বাগেরহাট সদর থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন টগর, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, জেলা ছাত্রলীগ সভাপতি সরদার নাছির উদ্দিনসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিরা, এমন কি কোনও কোনও আসামির পরিবারের সদস্যরাও এলাকা ছেড়ে পালিয়েছে।
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বিরোধে স্থানীয় ছাত্রলীগের বিবদমান কামরুল-পিন্টু গ্র“প এবং সোহেল-সাইফুল গ্র“পের সংঘর্ষে সোমবার সন্ধ্যায় রাজু নিহত হয়। রাজু সোহেল-সাইফুল গ্র“পের পক্ষে ওয়ার্ড সভাপতি প্রার্থী ছিল বলে দলীয় সূত্র জানায়।
