নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় জলিলের উদ্বেগ
রমজান মাসের আগে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম আশংকাজনকভাবে বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল জলিল।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, বাজারের ওপর সরকারের কোন নিয়ন্ত্রণ না থাকায় দ্রব্যমূল্য একটি বিশেষ ভবন কর্তৃক সৃষ্ট সিন্ডিকেট কৃত্রিম সঙ্কট সৃষ্টির মাধ্যমে দ্রব্যমুল্যকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যাচ্ছে।
তিনি আরো অভিযোগ করেন, এই অবস্থায় সরকারের গৃহীত পরস্পরবিরোধী সিদ্ধান্তে সঙ্কট আরো ঘনীভূত হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে চাল, ছোলা, পেঁয়াজ, রসুনসহ ১১টি ভোগ্যপণ্যের ওপর শূণ্য শুল্ক নির্ধারণের নির্দেশ দেওয়ার পরও অর্থ মন্ত্রী বলছেন ‘শূণ্য শুল্ক নির্ধারণ করে দ্রব্যমূল্য কমানো যাবে না’ এবং বাণিজ্য মন্ত্রী বলছেন, ‘দ্রব্যমূল্য সন্ত্রাসী সিন্ডিকেটকে ধরতে না পারলে দ্রব্যমূল্য কমানো যাবে না, তবে সিন্ডিকেটকে ধরার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের নয়, অন্য মন্ত্রণালয়ের।’
তিনি অভিযোগ করেন, সরকারের এই পরস্পরবিরোধী বক্তব্য প্রমাণ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সদিচ্ছা তাদের নেই এবং এক্ষেত্রে তারা সম্পূর্ণ ব্যর্থ।
জলিল নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের ওপর শূন্য শুল্ক নির্ধারণ করে বা সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
তিনি বুধবার নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সরকার কার্যত ১৪৪ ধারা জারি করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব হঠকারিতা সরকারের পতন ত্বরান্বিত করছে। জনগণই এর সমুচিত জবাব দেবে বলে তিনি বিবৃতিতে মন্তব্য করেন।
