রাজনৈতিক পরিবর্তনের দাবিতে সিপিবির সংবাদ সম্মেলন
বাংলাদেশকে এখন কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের গোলামে পরিণত করা হয়েছে।
দেশের অর্থনীতি, রাজনীতি, প্রশাসনিক--রাষ্ট্রীয় কার্যক্রম-- সবকিছু চলছে মার্কিন সাম্রাজ্যবাদ এবং বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ সাম্রাজ্যবাদের তাঁবেদার সংস্থার কথায়। এরা গ্যাস-কয়লাসহ প্রাকৃতিক সম্পদ লুট করতে চায়। তারা চায় চট্টগ্রাম বন্দর দখল করে নৌঘাঁটি বানাতে।
মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতারা।
নেতারা আরো বলেন, সার্বিক সঙ্কট থেকে দেশকে বাঁচাতে প্রয়োজন প্রচলিত লুটপাটের অর্থনৈতিক-সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন। প্রয়োজন সাম্রাজ্যবাদ-বিশ্বব্যাংকের ওপর নির্ভর না করে মুক্তিযুদ্ধের প্রগতিশীল ধারায় দেশকে জাগিয়ে তোলা।
নেতারা এজন্য একটি প্রগতিশীল কর্মসূচির ওপর ভিত্তি করে উপর্যুক্ত বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় বসানো এবং ‘গদি’ বদলের সাথে সাথে ‘গণবিরোধী ব্যবস্থা’রও বদল নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
আরো জানান, আগামী ১১ থেকে ২০ সেপ্টেম্বর দেশব্যাপী কমপক্ষে তিন হাজার কিলোমিটার পদযাত্রার মাধ্যমে সিপিবির ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি সম্পর্কে দেশবাসীকে অবহিত করা হবে।
সংবাদ সম্মেলনে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।
