২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ী পৌঁছেছেন শেখ হাসিনা

বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সোমবার একদিনের সফরে বিকাল সাড়ে তিনটায় দিনাজপুরের ফুলবাড়ী পৌঁছেছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2006, 07:11 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

ফুলবাড়ি পৌঁছালে জেলা প্রশাসকের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর বিকাল ৫টায় শেখ হাসিনা ২৬ আগস্ট ফুলবাড়ি হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে আয়োজিত সমাবেশে ভাষণ দেন।

তিনি বলেন, ‘দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে তেল গ্যাসের চুক্তি করিনি বলে ২০০১ সালে ক্ষমতায় আসতে পারিনি। বিএনপি--জামাত জোট সরকার তেল গ্যাস বিক্রির মুচলেকা দিয়েই ক্ষমতায় এসেছে। এজন্য তারা দেশের সম্পদ রক্ষার জন্য আন্দোলনকারীদের গুলি করে হত্যা করেছে’।

শেখ হাসিনা অবিলম্বে ফুলবাড়ীর জনগণের সাথে কয়লাখনি নিয়ে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের দাবি জানান। তা না হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে বলে তিনি সতর্ক করে দেন।

তিনি বলেন, ‘যারা নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যদের সান্তনা দেওয়ার ভাষা আমার নেই। স্বজন হারানোর ব্যথা আমার মতো আর কেউ বুঝবে না’।

আওয়ামী লীগ এশিয়া এনার্জির সাথে ওই চুক্তি করেছিল- জ্বালানী উপদেষ্টার এমন অভিযোগ অস্বীকার করে শেখ হাসিনা বলেন, ‘চুক্তি হয়েছে ১৯৯৪ সালে এবং তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। আমাদের সময়ে শুধু শেয়ার হস্তান্তর হয়েছে’।

নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন কোন ব্যক্তি বা দলের ইচ্ছায় নির্বাচন হবে না। আমিও তাই চাই। তার কারচুপির নির্বাচন এই দেশে করতে দেবো না’।

এর আগে তিনি ফুলবাড়ীতে নিহত ৬ আন্দোলনকারীর আতœীয়দের সাথে দেখা করেন এবং এদের পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার টাকা তুলে দেন। নিহতের আত্মীয়রা এসময় শেখ হাসিনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।

ওই ঘটনায় আহত ৬৪ জনকেও তিনি ১০ হাজার টাকা অর্থ সাহায্য দেন।

ফুলবাড়ীতে পৌঁছানোর আগে তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার রানীগঞ্জ বাজারে দুটি পথসভায় অংশ নেন। এসব পথসভায় শেখ হাসিনা বলেন, ‘সংস্কার প্রস্তাব মেনেই নির্বাচন করতে হবে।

শেখ হাসিনা আগামী নির্বাচনে তার দলকে জয়যুক্ত করার আহবান জানিয়ে বলেন, ‘আপনারা আমাকে নির্বাচিত করুন। আপনাদের কাছে আমি একটি সুন্দর দেশ গড়ার অঙ্গিকার করছি’।

তিনি সেখানকার প্রত্যেক নাগরিককে ভোটার তালিকায় নাম আছে কিনা এবং তালিকায় ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা সে সম্পর্কে খবর নেওয়ারও পরামর্শ দেন।

এ সফরে হাসিনার সফরসঙ্গীদের মধ্যে আছেন দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মতিয়া চৌধুরী, মোস্তফা জালাল মহিউদ্দিন, অজয় কর খোকন, ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানকসহ দলের অন্য নেতা--কর্মীরা।