প্রভাবশালী দুই নেতা সাসপেন্ড : যশোর আওয়ামী লীগে মিশ্র প্রতিক্রিয়া
যশোর আওয়ামী লীগের দুই নেতাকে সাসপেন্ডের ঘটনায় দলের জেলা কমিটিতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এক গ্র“প উচ্ছ্বসিত হলেও আরেক গ্র“প মুষড়ে পড়েছে। অনেকে এ নিয়ে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন।
শনিবার দলের কার্যনির্বাহী কমিটি দুদুটি সাব-কমিটির সহ-সম্পাদক কাজী নাবিল আহমেদ এবং যশোর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ আব্দুর রাকিবকে সাসপেন্ড করে।
দলে সদ্য যোগদানকারী প্রভাবশালী রাজনীতিক খালেদুর রহমান টিটোর ওপর শারীরিক হামলার ঘটনার নেপথ্যে উল্লিখিত দুই নেতা ভূমিকা পালন করেছেন বলে অভিযোগের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেয়া হয়।
এর আগে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ১৮ নেতা - কর্মীর বিরুদ্ধে একই ব্যবস্থা নেয়া হয়।
একটি সূত্র জানায়, শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় যশোরসহ তিন জেলার অর্ধশতাধিক নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়।
খবর পাওয়া মাত্র দলের জেলা সভাপতি আলী রেজা রাজুর নেতৃত্বে যশোরের প্রায় দেড়শ’ নেতা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। শনিবারই তারা শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু শেখ হাসিনা তাদের সময় দেননি। রোববার সন্ধ্যায় যশোরের নেতারা ফের গেছেন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। ধানমন্ডি থেকে শরীফ আব্দুর রাকিব সাংবাদিকদের একথা জানান।
উল্লেখ্য, শরীফ আব্দুর রাকিব এবং কাজী নাবিল আহমেদ আওয়ামী লীগ যশোর জেলা শাখায় অত্যন্ত প্রভাবশালী নেতা। শরীফ আব্দুর রাকিব গতবার সাধারণ সম্পাদক না হতে পারলেও সংগঠনের বহু নেতা-কর্মীর ওপর তার প্রভাব রয়েছে অপরিসীম।
অন্যদিকে, আজকের কাগজের নির্বাহী সম্পাদক কাজী নাবিল আহমেদের নামে যশোরে দলের একটি গ্র“প পরিচালিত হয়। তিনি আসন্ন নির্বাচনে যশোর সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। একই আসনে অপর মনোনয়ন প্রত্যাশী খালেদুর রহমান টিটোকে গত ২৪ আগস্ট যারা গুরুতর জখম করে তারা নাবিলপন্থী হিসেবে পরিচিত।
যশোর জেলা কমিটির সভাপতি আলী রেজা রাজু চাইছেন সাসপেন্ড আদেশ প্রত্যাহার করা হোক। এ লক্ষ্যে তিনি প্রায় দেড়শ’ নেতা নিয়ে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এর মধ্যে আওয়ামী লীগ জেলা কমিটির ১৪ জন, সদর উপজেলা কমিটির ৫৬ জন, যুবলীগ জেলা কমিটির ১৫ জন রয়েছেন।
দলের সদর উপজেলা কমিটির সভাপতি মোহিত কুমার নাথ বলেন, প্রভাবশালী এসব নেতাকে মাইনাস করে দল চলবে না।
দলের আরেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এই সিদ্ধান্ত বহাল থাকলে আমরা গণপদত্যাগ করব’।
তবে জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বললেন ভিন্ন কথা। তার মতে, ঢাকায় যারা তদবিরে গেছে তাদের মধ্যে জেলা কমিটির মাত্র ৪/৫ জন আছে। বাকিরা কোনো কোনো নেতার কর্মচারী।
তিনি মন্তব্য করেন, শরীফ আব্দুর রাকিব আগে সেক্রেটারি ছিলেন। বর্তমানে কোনো দায়িত্বে নেই। আর কাজী নাবিল আহমেদ কোনো আন্দোলন-সংগ্রামে অংশ নেন না। এদের অবর্তমানে দলের কোনো ক্ষতি হবে না।
তবে সাধারণ নেতা-কর্মীরা মনে করছেন, প্রভাবশালী দুই নেতাকে সাসপেন্ড দলের মধ্যে নতুন নৈরাজ্য ডেকে আনতে পারে। ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।
প্রসঙ্গত, যশোর আওয়ামী লীগে অভ্যন্তরীণ কোন্দলের ফলে প্রতিপক্ষের ওপর হামলা, খুন-জখমের ঘটনা নৈমিত্তিক।
