যানজট আর মিছিলের শহরে সাধারণের কষ্ট
আরও একিট ভয়াবহ যানজেটর িদন পার করেলা রাজধানীবাসীর৷
ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) - এর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে রাজধানী ঢাকার এই ছিল পরিস্থিতি।
রোববার ঢাকা মহানগর বিএনপি আয়োজিত গণমিছিলকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে শ’ শ’ মিছিল নয়াবাজার নবাব ইউসুফ মার্কেটের দিকে যেতে থাকে। বিকেল ৪টার আগেই সমস্ত এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
বিএনপির নেতা-কমীরা দলের নির্বাচনী প্রতীক ধানের শীষ হাতে নিয়ে মুহুর্মূহু স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করেন। রাজধানীর আটটি নির্বাচনী এলাকার বর্তমান সাংসদরাও ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন এবং তোরণ নির্মাণ করে আগামী নির্বাচনে তাদের উপস্থিতি ঘোষণা করে।
প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পায়রা ও বেলুন উড়িয়ে গণমিছিলের উদ্বোধনের পর প্রচন্ড বৃষ্টি শুরু হলেও নেতা-কর্মীরা ভিজেই মিছিল নিয়ে এগিয়ে যান। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানসহ অনেক সিনিয়র নেতাকে বৃষ্টিতে ভিজতে দেখা যায়।
এই গণমিছিলের জন্য সমস্ত রাজধানীতে সৃষ্টি হয় তীব্র যানজট। দুপুর থেকেই রাস্তায় যানবাহনের সংখ্যা অনেক কমে যায়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজধানীর অনেক রাস্তাই বন্ধ করে দেওয়া হয়।
মিছিল শুরু হওয়ার পর নয়াবাজার, গুলিস্তান, পল্টন এলাকা, প্রেসক্লাব, শাহবাগ, মগবাজার, র্ফামগেটসহ বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার কারণে তীব্র যানজট তৈরী হয়। এ সময় যাত্রীদের ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকতে হয়।
এক পর্যায়ে মিছিল শেষ হলেও শেষ হয়নি যাত্রীদের ভোগান্তি। যানবাহন না পেয়ে রাস্তায় ঠায় দাঁড়িয়ে থাকা লোকজন তখন খুঁজছিলেন যে কোন একটা ‘কিছু’, যাতে করে তারা অন্তত পৌঁছাতে পারেন নিজ বাসায়, নিজ গন্তব্যে।
বাংলামোটর এলাকায় যানজটে আটকে পড়া যাত্রী আব্দুল হক বিডিনিউজকে জানান, এ ধরনের কর্মসূচি ছুটির দিনে করা উচিৎ। এতে সাধারণ মানুষের দূর্ভোগ অনেক কম হবে।
