বরিশালে মেয়রের কারণে -
মসজিদে নামাজ পড়তে গিয়ে প্রায় আধা ঘন্টা নিজের পক্ষে সাফাই গাইলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
এর ফলে এক - তৃতীয়াংশ মুসল্লীকে জুমার নামাজ আদায় না করেই বাড়ি ফিরে যেতে হয়।
শুক্রবার সদর রোডের জামে এবায়দুল্লাহ মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন মেয়র। এসময় তিনি মুসুল্লীদের উদ্দেশ্যে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বিবির পুকুরের সৌন্দর্য বৃদ্ধির অজুহাতে মসজিদ ভাঙার কারণ ব্যাখ্যা করেন। পাশাপাশি তিনি মসজিদ ভাঙার খবর প্রকাশের জন্য আবারও সাংবাদিকদের সমালোচনা করেন।
তিনি বলেন, ‘মেয়র হিসেবে উন্নয়নের স্বার্থে মসজিদ ভাঙা এবং সংস্কার করার দায়িত্ব একান্তই আমার। কিন্তু এ বিষয়টি সাংবাদিকরা অতিরঞ্জিত করেছে’। প্রায় ২২ মিনিট ধরে তিনি বক্তব্য রাখেন।
ওই সমাবেশে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, মসজিদের দ্বিতীয় ও তৃতীয় তলায় অবস্থানরত মুসল্লীরা মেয়রের বক্তব্যের সময় বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসসক এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাজনীতিবিদরা যদি মসজিদকে রাজনীতির মঞ্চ মনে করেন তবে সাধারণ জনগণ এ ক্ষেত্রে কি ভূমিকা রাখবে’!
গত বুধবার বিডিনিউজে বিবির পুকুর সংস্কারের নামে আদালত পাড়ার মসজিদ ভাঙার খবর প্রকাশের পর থেকে মেয়র বিডিনিউজ এবং সাংবাদিকদের প্রতি বিষোদ্গার করে যাচ্ছেন।
