২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরিদ্ররা পুষ্টিহীনতায় ভুগলেও প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা হৃষ্টপুষ্ট হচ্ছে: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 10:42 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

দেশের সাধারণ মানুষ যখন অপুষ্টিতে ভুগছে, তখন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা হৃষ্টপুষ্ট হচ্ছে বলেও বিরোধী দলীয় নেত্রী অভিযোগ করেন।

বৃহস্পতিবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দানকালে শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজেই স্বাধীনতা ও এর চেতনায় বিশ্বাস করেন না। যে কারণে তিনি স্বাধীনতা বিরোধী ও ইসলামি জঙ্গিদের মদদ দিয়ে যাচ্ছেন।

আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন ‘স্বাধীনতা চিকিৎসক পরিষদ’ আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি অধ্যাপক এএফএম রুহুল হক।

অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট রোকনউদ্দিন মাহমুদ, ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাধারণ সম্পাদক এম ইকবাল আসলাম, ড. আতিউর রহমান, ড. আবুল কাশেম, ড. নুরুল ইসলাম, ড. আবুল কালাম ও ড. শেখ বাহারুল আলম।