২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালসহ শাবিপ্রবির ১০ শিক্ষককে প্রাণনাশের হুমকির ঘটনায় আব্দুল জলিলের উদ্বেগ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বিরোধী ১৪ দলীয় জোট সমন্বয়ক আব্দুল জলিল এমপি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বরেণ্য লেখক অধ্যাপক মুহাম্মদ জাফল ইকবালসহ ১০ শিক্ষককে শিবির ক্যাডারদের প্রাণনাশের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 07:06 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

আব্দুল জলিল বৃহস্পতিবার এক বিবৃতিতে ওই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অতীতেও জোট সরকারের শরিক ঘাতক জামাত-শিবির চক্র দেশের মুক্তচিন্তার বুদ্ধিজীবীদের শুধুৃমাত্র হত্যার হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, তাদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন দেশের প্রগতিশীল লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক হুমায়ুন আজাদ, অধ্যাপক ড. মো. ইউনূস, অধ্যাপক আবু তাহের ও অধ্যক্ষ গোপালকৃষ্ণ মুহুরীসহ অনেকেই। তাদের এই হুমকি ও আক্রমণ থেকে রেহাই পাননি সদ্য প্রয়াত কবি শামসুর রাহমানসহ দেশের আরো অনেক বরেণ্য বুদ্ধিজীবী।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জোট সরকারের আশ্রয় ও প্রশ্রয়ে লালিত বলেই অন্ধকারের শক্তি এই উগ্রসাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠী বারবার হুমকি প্রদান ও খুন করেও রেহাই পেয়ে যাচ্ছে।

তিনি বলেন, এই ঘাতক অপশক্তি ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযদ্ধের বিজয়ের উষালগ্নে জাতিকে মেধা শূণ্য করার উদ্দেশ্যে দেশের প্রগতিশীল শিক্ষক ও বুদ্ধিজীবী হত্যার যে ধারা সূচনা করেছিলো বিএনপি--জামাত জোট সরকারের পৃষ্ঠপোশকতায় সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। এই অশুভ শক্তির বিরুদ্ধে দেশের আপামর জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।

আব্দুল জলিল শিক্ষকদের প্রাণনাশের হুমকি প্রদানকারী জামাত-শিবির ক্যাডারদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।