জোটে নবাগত কারো ওপর অধিক নির্ভর করার ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক থাকতে হবে: মঞ্জু
জোটে নবাগত কারো ওপর অধিক নির্ভর করার ভয়াবহ পরিণতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে হবে। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য আলাদাভাবে ৬ দিনে ৬টি বিভাগে ভোট গ্রহণ এবং নির্বাচনী ব্যবস্থার যুগোপযোগী সংস্কারের প্রয়োজন রয়েছে।
মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ঢাকা মহানগরের সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জু
এসব কথা বলেন।
বিজেপির ঢাকা মহানগরের আহ্বায়ক তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, বিজেপির মহাসচিব সাইফুর রহমান, অধ্যাপক হুমায়ূন কবীর, শামীম আল মামুন, বুলবুল নাহার, খলিলুর রহমান, কামরুল ইসলাম সজল প্রমুখ।
নাজিউর রহমান বলেন, নির্বাচন বানচাল করার জন্য বিরোধী দল নানান রকম ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবলা করতে চার দলীয় জোটকে ভেদাভেদ ভুলে একত্রে কাজ করতে হবে। দেশের জনগণ আগামী নির্বাচনে অবশ্যই জোটকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনবে।
মেয়র খোকা বলেন, জাতীয় পার্টির মূল স্রোতধারার নেতা হচ্ছেন নাজিউর রহমান। এরশাদ যখন আওয়ামী লীগ সরকারের চাপের কাছে নতিস্বীকার করে চারদলীয় জোট ত্যাগ করেছিলেন, সেদিন নাজিউর রহমান সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে সমর্থন জানিয়েছিলেন। আশা করি আবারো আমরা ক্ষমতায় যাবো। সরকারের শেষ দিনে ২৫ লাখ লোকের সমাবেশ ঘটিয়ে বঙ্গভবনে গিয়ে ক্ষমতা হস্তান্তর করবো।
মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ সেই সংস্কার চায় যে সংস্কারের মাধ্যমে তারা জিততে পারবে। কিন্তু বেশি বাড়াবাড়ি করলে তাদের ছাড়াই নির্বাচন করা হবে। শক্তি থাকলে বাধা দেবেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ মহাজোট করেছে। এটা শুনতে যত ভালো লাগে দেখতে ততটা ভালো লাগে না। ১৪ দলে আওয়ামী লীগ ছাড়া বাকি সবগুলো দল নির্বাচন করলে আমি বা নাজিউর রহমান একা যত ভোট পাবো তারা সবাই মিলেও তত ভোট পাবে না।
সম্মেলনে তৈয়বুর রহমানকে সভাপতি এবং কামরুল ইসলাম সজলকে সাধারণ সম্পাদক করে আগামী বছরের জন্য বিজেপির ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়। তাদেরকে আগামী ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
