২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেড হামলাকারীদের বিচার বাংলার মাটিতেই হবে: শেখ হাসিনা

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকারের অধীনে ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদের খুঁজে বের করে বিচারের সম্মুখীন করা সম্ভব নয়, কারণ প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর ছেলে ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাই এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

নগরীর বঙ্গবন্ধু অ্যাভিন্যুতে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা স্মরণে আয়োজিত এক সমাবেশে বক্তব্যদানকালে শেখ হাসিনা বলেন, সরকারই যখন খুন করে তখন তার বিচার করবে কে?

দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সর্বশক্তিমান আল্লাহ তাকে বাঁচিয়েছেন। হামলাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে বলে তিনি মন্তব্য করেন।

অজ্ঞাত পরিচয় হামলাকারীদের ওই গ্রেনেড হামলায় সিনিয়র আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৩ জন নিহত হয়।

শেখ হাসিনা বেলা ১১ টা ২৩ মিনিটে বঙ্গবন্ধু এভিনিউতে পৌঁছে হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপণ করে পুস্পস্তবক অপর্ণ করেন। এসময় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আমরা এমন একটি দেশে বসবাস করছি যেখানে হত্যাকারীরা দিনের আলোয় রাজনৈতিক কর্মসূচিতে গ্রেনেড নিক্ষেপ করে নিরাপদে পালিয়ে যায়। অপরদিকে হামলাকারীদের আটকের পরিবর্তে পুলিশ হতাহতদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে।

তিনি বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে সহায়তার জন্য পুলিশের এগিয়ে আসার কথা। কিন্তু ২১ আগস্ট ঘটেছিল ঠিক উল্টো। ঘটনার পর পুলিশ টিয়ার শেল মেরেছে, আহতদের গাড়িতে তুলতে বাধা দিয়েছিল। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আমার দলের নেতা - কর্মীরা মানববর্ম তৈরি করে আমাকে রক্ষা করেছিলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর ছেলে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং গোয়েন্দা সংস্থাগুলো যদি নাই জড়িত থাকে তাহলে পুলিশ সেদিন নিষ্ক্রিয় ছিল কেন?

বিরোধী দলীয় নেত্রী বলেন, সেদিন ২৩ জনের লাশ আমরা পেয়েছি। কিন্তু আরও কত লাশ লুকিয়ে রাখা হয়েছিল কে জানে ? 

হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে আবেগতাড়িত কন্ঠে তিনি বলেন, আমি আপনাদের ব্যথা বুঝতে পারি। কারণ আমিও আমার প্রিয়জনদের হারিয়েছি। তিনি বলেন, সর্বশক্তিমান আল্লাহ যখন তাকে ওই হামলা থেকে রক্ষা করেছেন, তখন হত্যাকারীদের বিচার দেশের মাটিতেই হবে। শহীদদের রক্ত বৃথা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এখানে (দেশে) খুনীদের রক্ষা, মদদ এমনকি পুরস্কৃত পর্যন্ত করা হয়।

সিনিয়র আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০০৪ সালের ২১ আগস্ট নগরীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত সন্ত্রাসবাদ বিরোধী এক সমাবেশে অজ্ঞাত পরিচয়ধারী সন্ত্রাসীরা ১২টি গ্রেনেড নিক্ষেপ করে। শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ওই সমাবেশে বক্তব্য রাখছিলেন। ওই হামলায় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৩ জন নিহত হন।