একটি মহল কে এম হাসানের অতীতকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে: মওদুদ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বৃহস্পতিবার বলেছেন, একটি নির্দ্দিষ্ট মহল সাবেক প্রধান বিচারপতি কেএম হাসানের অতীতকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে।
মওদুদ আহমেদ বলেন, সাবেক প্রধান বিচারপতি কেএম হাসান সুপ্রিম কোর্টে ১০ বছর যাবত কাজ করেছেন। সেসময় কেউ তার বিচার নিয়ে প্রশ্ন তোলেনি এবং দলীয় মতাদর্শের উর্দ্ধে থেকে তিনি জনগণের স্বার্থে কাজ করেছেন।
কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো হলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিরোধী ১৪ দলীয় জোট নির্বাচন বয়কট করবে বলে হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে মওদুদ আহমেদ আজ এ মন্তব্য করলেন।
‘চলমান গণতন্ত্র, বাণিজ্য ও শিল্প’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, বর্তমানে একটি মহল বিচারপতির পূর্বের রাজনৈতিক পরিচিতি তুলে ধরে তাকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, কোন ব্যক্তি বিচারক হওয়ার পর তার রাজনৈতিক পটভূমি নিয়ে কারো প্রশ্ন তোলা মোটেও উচিত না।
জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার নামে একটি সংগঠন জাতীয় প্রেসক্লাবে ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এই আলোচনা অনুষ্ঠানে আরো অনেক বক্তার অংশগ্রহণের কথা থাকলেও শুধুমাত্র মওদুদ আহমেদ ছাড়া আর কেউই আসেনি।
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে সমালোচনার উল্লেখ করে মওদুদ আহমেদ বলেন, এই প্রতিষ্ঠানটি ব্যক্তির চেয়েও গুরুত্বপূর্ণ। বিদ্যমান ভোটার তালিকার ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে কোন ত্র“টি থাকলে তা বিদ্যমান আইনের আলোকেই সংশোধন করা হবে।
বিরোধী দল প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কারের দাবী প্রসঙ্গে তিনি বলেন, এজন্য বিরোধী দলকে অবশ্যই কোন প্রকার শর্ত ছাড়া আলোচনায় বসতে হবে।
