অবিলম্বে শায়খ রহমান ও বাংলা ভাইয়ের ফাঁসি ও ১৭ আগস্টের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি
অবিলম্বে শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের ফাঁসি এবং ১৭ আগস্ট সারাদেশে বোমা হামলার সাথে জড়িত শীর্ষ ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকাররে প্রতি দাবী জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল - বাসদ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহ্বায়ক খালেকুজ্জামান এ দাবী জানান ।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বিএনপি - জামাত জোট সরকার জনগণের চাপের মুখে পড়ে ১৭ আগস্টসহ দেশব্যাপী বোমা হামলার জন্য দায়ী বাংলাভাই ও শায়খ রহমানকে গ্রেফতার করলেও গডফাদাররা এখনও আড়ালে রয়ে গেছে। সরকারই তাদের আড়াল করে রেখেছে। সরকারের ভেতরই তারা অবস্থান করছে। বাংলাভাই ও শায়খ রহমানের বিচার কার্যে দেরী এবং ফাঁসির আসামীকে নিয়ম ভঙ্গ করে কারাগারের বদলে আলাদা বাড়িতে রাখাই তার প্রমাণ।
তিনি আরও বলেন, সরকারের ভেতরের এই অশুভ শক্তিকে অপসারণ না করলে দেশ থেকে জঙ্গীবাদ নির্মূল করা সম্ভব না। তিনি জঙ্গী তৎপরতা দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারকে বাধ্য করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
