প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে জাপার ৫০ আসন দাবি, ২৮ আগস্টের আগেই জোটে যোগদান চূড়ান্ত করার তাগিদ
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে বৈঠকে জাতীয় পার্টির (জাপা) নেতারা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাপাকে ৫০টি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না দিয়ে তাদের বলেছেন, এ ব্যাপারে চারদলীয় জোটের শরীকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে ২৮ আগস্ট এরশাদের ২০ দিনের সফরে সৌদি আরব যাত্রার আগেই জোটে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে প্রধানমন্ত্রী তাগিদ দেন।
বিকেল ৫টায় প্রায় ৪৫ মিনিটব্যাপী এ বৈঠকে জাপার পক্ষে পার্টির সংসদীয় দলের নেতা রওশন এরশাদ ও দলীয় সাংসদ মশিউর রহমান রাঙ্গা অংশ নেন। তবে প্রধানমন্ত্রীর সাথে তার দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
তবে জাপা নেতারা প্রধানমন্ত্রীকে জানান, এরশাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহারে কার্যকর উদ্যোগ ও আসন বন্টনের বিষয়টি চূড়ান্ত হলেই তারা জোটে যোগ দেওয়ার বিষয়ে তাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
