দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দেশের মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা কমে গেছে: এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সরকার দেশের মানুষকে গ্যাস, পানি ও বিদ্যুত দিতে পারেনি। দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাই দেশের মানুষের কাছে সরকার ও বিএনপির জনপ্রিয়তা কমে গেছে।
সোমবার জাপা’র অঙ্গ সংগঠন জাতীয় তরুণ পার্টির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তরুণ পার্টির আহ্বায়ক শামসুল হুদা মিয়ার সভাপতিত্বে পার্টির সেগুনবাগিচার কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহম্মেদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, ওলামা পার্টির সভাপতি মজিবুর রহমান যুক্তিবাদী প্রমুখ।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, এককভাবে নির্বাচন করার মতো শক্তি আমরা অর্জন করতে পারিনি। বিরোধী জোট ১৪ দলে একমাত্র আওয়ামী লীগ ছাড়া উল্লেখ করার মতো কোনো দল নেই। এসব দলও আমার সমালোচনা করে। চারদলীয় জোটের সাথে আমাদের আদর্শগত মিল রয়েছে। তাই চারদলীয় জোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এ নিয়ে মিডিয়ায় আমার বিরূপ সমালোচনা শুরু হয়েছে।
তিনি বলেন, চারদলীয় জোটে গিয়ে সরকার গঠন করতে পারলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসবো। দুর্নীতি রোধ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেবো।
পার্টির বিক্ষুব্ধ নেতা ও ছোট ভাই জিএম কাদের ও আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের সাথে রোববার রাতে সাক্ষাত ও বৈঠকের কথা অস্বীকার করে তিনি বলেন, এটা বিভ্রান্তিমূলক অপপ্রচার। নিজের জন্য নয়, দেশ ও দলের জন্য রাজনীতি করি। আমার চাওয়া পাওয়ার আর কিছু নেই। আমরা চারদলের সাথে আলোচনা শুরু করেছি। তাদের সাথে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে সফল হবে বলে আশা করি।
তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রীর ছেলে জয় আমার বাসায় আসতে চেয়েছে। সে আমার এলাকার ছেলে, তাকে তো আমি আসতে নিষেধ করতে পারি না। তবে তার এখন আমার বাসায় না আসাই ভাল হবে। একটি জোটের সাথে এখন আমার আলোচনা চলছে। আলোচনা সফল হলে আমি নিজেই যাবো।
কাজী জাফর আহম্মেদ জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বলেন, আমাদের চারদলীয় জোটে যাওয়ার সিদ্ধান্তে একটি দল বিরূপ আলোচনা করছে। কিন্তু আমরা তাদের শত্র“ নই, সহযোগী হতে চাই। চারদলীয় জোট সম্প্রসারিত না হলে এবং অন্য দল ক্ষমতায় আসলে ওই দলেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে।
