২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীকাল শোকাবহ ১৫ আগস্ট, সারাদেশে অর্ধদিবস হরতাল

আগামীকাল মঙ্গলবার শোকাবহ ১৫ আগস্ট। স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও মুক্তি সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩১ তম শাহাদাৎ বার্ষিকী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 01:36 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

১৯৭৫ সালের এইদিনে একদল উচ্চাভিলাষী উচ্ছৃঙ্খল সেনা সদস্য বাঙালি জাতির স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।

শোকাবহ এ দিনটিতে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও সমবেদনা প্রকাশ করবে।

আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল মঙ্গলবার বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয়সহ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর বিচারের রায় অবিলম্বে কার্যকর ও সরকারী ছুটি পুনর্বহালের দাবিতে সকাল ৬ টা থেকে  বেলা ১২টা পর্যন্ত দেশব্যাপী সর্বাÍক হরতাল।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে হরতাল শেষে বঙ্গবন্ধু জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান, বনানী গোরস্থানে শহীদদের মাজারে পুষ্পার্ঘ অর্পণ, মিলাদ মাহফিল, মসজিদ - মন্দির - গীর্জায় প্রার্থনা এবং দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ।

এ ছাড়া দলের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে  টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধার্ঘ নিবেদন এবং জিয়ারত।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে বুধবার টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ মাহফিল ও মোনাজাত এবং বিকাল ৪টায় স্মরণসভার আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সংবাদপত্র বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

বঙ্গবন্ধু হত্যার ৩০ বছর পরও আজও ওই ঘৃণ্য অপরাধের বিচার হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এর বিচার কাজ শুরু হলেও এখনো এই মামলার সুরাহা হয়নি।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে শুধু বঙ্গবন্ধুই নিহত হননি, ঘাতকের বুলেটে বঙ্গবন্ধু পরিবারের প্রায় সবাই নিহত হন। ওই বর্বরতম হত্যাকাণ্ডের কবল থেকে সেই সময় প্রবাসে থাকা বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউ রক্ষা পাননি।

নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গবন্ধু পতœী ফজিলাতুন্নেসা মুজিব, তার সাত বছরের শিশুপুত্র শেখ রাসেল, অপর দুই পুত্র শেখ কামাল ও শেখ জামাল, তাদের দুই অন্ত:সত্ত্বা স্ত্রী, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ মনি, বঙ্গবন্ধুর অপর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাতসহ অনেকেই।

বঙ্গবন্ধু ১৯২০ সালে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ লুৎফর রহমান ও মা সাহারা খাতুন। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত থাকলেও ১৯৪৩ সালে তিনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৫২ সালের মহান রাষ্ট্রভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৫৩ সালে তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষ থেকে তিনি সাংসদ নির্বাচিত হন এবং কৃষি ও বন মন্ত্রীর দায়িত্ব লাভ করেন। ১৯৬৬ সালে তিনি বাংলার মানুষের অধিকার নিশ্চিত করতে স্বায়ত্বশাসনের দাবিতে ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন।

১৯৬৮ সালে তিনি আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে ছয় দফাসহ ১১ দফা দাবি আদায়ে বঙ্গবন্ধুসহ ওই মামলার সব আসামী মুক্তি লাভ করেন। পরে ছাত্র সংগ্রাম পরিষদ তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে।

১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১৯৭১ সালের ৩ জানুয়ারি রেসকোর্স ময়দানে তিনি জনপ্রতিনিধিদের শপথ পরিচালনা করেন।

৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানের জনসমুদ্রে তিনি ঘোষণা দেন, ‘...এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।... রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, ইনশাল্লাহ।’

২৫ মার্চ কালো রাতে তিনি পাকিস্তানী শাসকদের হাতে গ্রেফতার হন এবং তাকে পাকিস্তানের কারাগারে আটকে রাখা হয়। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলে গণমানুষের দাবির মুখে পাকিস্তান সরকার তাকে মুক্তি দেয়। ১৯৭২ সালের ১০ জানুয়ারি তিনি দেশে ফেরেন।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।

জোট সরকার ক্ষমতায় আসার পর ১৫ আগস্টের ছুটি বাতিল করা হয়েছে। সরকারিভাবেও দিনটিকে আর পালন করা হচ্ছে না।