২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটমহলগুলোতে ভোটার তালিকা হালনাগাদের কাজ ধীর গতিতে চলছে

কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ছিটমহলগুলোতে ভোটার তালিকা হালনাগাদের কাজ দায়সারা ও ঢিলেঢালাভাবে চলছে। এর ফলে বিপুল সংখ্যক ভোটার তালিকাভুক্তি থেকে বাদ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2006, 10:52 AM

Updated : 26 Apr 2022, 03:51 PM

একটি সূত্র জানায়, ভারতের ভূখন্ডের অভ্যন্তরে অবস্থিত কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ৫১টি ছিটমহলের প্রায় ৫০ হাজার ভোটার তালিকাভুক্তি হওয়া থেকে আবারও বাদ পড়ে যাচ্ছে। এই বিপুল সংখ্যক ভোটারকে হালনাগাদ তালিকায় অন্তভূক্ত করার জন্যে নির্বাচন কমিশন কোন পদক্ষেপই নেয়নি।

জেলা নির্বাচন অফিস জানায়, জেলার এক লাখ ৩২ হাজার ৮১২ জন ভোটার নতুন তালিকাভুক্তির ফরম পূরণ করেছেন।

এই হিসেবে বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী বৃদ্ধির হার দাঁড়ায় শতকরা ১১ দশমিক ৭২ ভাগ। বাতিলকৃত ভোটার তালিকায় ভোটার বৃদ্ধি পেয়েছিল ২ লাখ ৫৪ হাজার ৯৪৫ জন। ভোটার বৃদ্ধির হার ছিল শতকরা ২২ দশমিক ৫০ ভাগ।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, হালনাগাদ কাজে নিয়োজিত সহকারী নিবন্ধন কর্মকর্তা এবং সহায়ক কর্মকর্তাদের মধ্যে এই কাজে আগ্রহ লক্ষ্য করা যায়নি। প্রচার প্রচারণা না থাকায় ভোটারদের অনেকেই এই বিষয়ে অবগত না হওয়ায় তাদের মধ্যেও আগ্রহ নেই।

তাছাড়া জেলার বিপুল সংখ্যক ভোটার হওয়ার উপযুক্ত দিনমজুর শ্রেণীর মানুষ বর্তমানে আমন আবাদে কাজ করার জন্য জেলার বাইরে অবস্থান করছে। এর ফলে তারা ভোটার তালিকাভুক্তি থেকে বাদ পড়ে যাচ্ছে।

এছাড়া ভারতের ভূখন্ডের অভ্যন্তরে অবস্থিত কুড়িগ্রাম জেলার ১৮টি এবং পাশের লালমনিরহাট জেলার ৩৩টি মোট ৫১টি ছিটমহলের প্রায় ৫০ হাজার ভোটার তালিকাভুক্তি থেকে আবারও বাদ পড়েছে।

সূত্র আরও জানায়, ১৯৮৩ সালে ট্রানজিট পাশের মাধ্যমে গণনাকারী ও সুপারভাইজারা কুড়িগ্রামের ৮টি ও লালমনিরহাটের একটি ছিটমহলে গিয়ে ভোটার তালিকা তৈরি করেছিল।

এই ৯টি ছিটমহলে ভোটার হয় ২ হাজার ৫৭৮ জন।

১৯৯০ সালে ভোটার তালিকা তৈরির সময় ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় ছিটমহলে যাওয়া সম্ভব না হওয়ায় তালিকা তৈরি হয়নি। তবে কিছু ভোটার স্বেচ্ছায় বাংলাদেশের মূল ভূখন্ডে এসে তালিকাভুক্ত হয়। এর ফলে নয়টি ছিটমহলের ২ হাজার ১১৮ জন পুরুষ এবং এক হাজার ৮৮২ জন মহিলা ভোটার হয়। এরপর আর ভোটার তালিকা হয়নি।

চলতি বছরের প্রথম দিকে বাতিল হওয়া ভোটার তালিকা প্রস্তুতের সময় কুড়িগ্রামে সাত জন সুপারভাইজার ও ১৯ জন তথ্য সংগ্রহকারী এবং লালমনিরহাটে চারজন সুপারভাইজার ও ১৭ জন তথ্য সংগ্রহকারীকে ২২টি ছিটমহলে ভোটার তালিকা তৈরির জন্য নিয়োগ দেয়া হয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ তাদেরকে ছিটমহলে যাওয়ার অনুমতি দেয়নি।