২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতাকর্মীদের দল না ছাড়ার আহ্বান জানালেন এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ চারদলীয় জোটে যোগদানের সিদ্ধান্তে ক্ষুব্ধ নেতাকর্মীদের তাকে ছেড়ে না যাওয়ার আহ্বান জানালেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 07:23 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে বৃহস্পতিবার এরশাদ বলেছেন, এবারের সিদ্ধান্ত আমাদের অস্তিত্ব রক্ষার সিদ্ধান্ত। তাই আগে ভুল করলেও এবার আর ভুল করিনি। জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তের জন্য কেউ আমাকে ছেড়ে যাবেন না।

ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত বৃহস্পতিবারের মতবিনিময়ে বৃহত্তর রংপুরের পাঁচটি জেলা ও উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহম্মেদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা।

মতবিনিময় অনুষ্ঠানে পাঁচটি জেলার মোট ৪৫ জন প্রতিনিধি ১০ মিনিট করে বক্তব্যের সুযোগ দাবি করেন। কিন্তু অল্প কয়েকজনকে মাত্র দুই মিনিট করে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়।

তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে কথা বলে জানা গেছে, বিভিন্ন জেলায় চারদলীয় জোট বিরোধী জাপা নেতাদের এ অনুষ্ঠানে যোগদানে বিরত রাখা হয়। শুধু চারদলের অনুসারি নেতাদেরই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। ফলে অনেক জেলা ও উপজেলার নেতারা এতে যোগ দেননি।

বক্তব্যের সুযোগ পাওয়া নেতাকর্মীরা বলেন, বৃহত্তর রংপুরের ২২টি আসনই জাতীয় পার্টির। আগামী নির্বাচনে তাই যে জোটেই যাই, সব আসন জাপাকে ছেড়ে দিতে হবে। আমরা আওয়ামী লীগ বা বিএনপি বুঝি না, রংপুরের উন্নয়ন চাই।

জাপা চেয়ারম্যান এরশাদ বলেন, আমার ১৪ দলে যাওয়ার আর কোনো পথ নেই, সব পথ বন্ধ হয়ে গেছে। তারা আমার সম্পর্কে বিভিন্ন কথা বলে তাদের সাথে যাওয়ার সব পথ বন্ধ করে দিয়েছে।

এরশাদ বলেন, ‘আমিই চারদলীয় জোটের রূপকার। বিগত আওয়ামী লীগ সরকার আমলে আমাকে গ্রেফতারের পর তারা কোনো আন্দোলন না করে চুক্তি লঙ্ঘন করেছিল। চুক্তি লঙ্ঘন করায় আমি জোট থেকে বেরিয়ে গেছি। আমার মত পাল্টানোর কোনো ইচ্ছা ছিল না। আমি চারদল ছাড়তে বাধ্য হয়েছি।’

আক্ষেপ করে এরশাদ বলেন, ‘আমার সময়ে ব্যারিস্টার মওদুদ আহমদসহ অনেকের বিরুদ্ধে মামলা ছিল। সকলের মামলা প্রত্যাহার করা হলেও আমার বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। আদালতেও আমি নিরপেক্ষ বিচার পাইনি। নিরপেক্ষ বিচার হলে আমি সব মামলাতেই নির্দোষ প্রমাণিত হতাম। কিন্তু তা হয়নি, আমাকে দন্ডিত করা হয়েছে’।

তিনি বলেন, ‘আমরা এককভাবে নির্বাচন করতে চেয়েছিলাম। এজন্য ৮০ জনের মনোনয়নও চূড়ান্ত করেছিলাম। কিন্তু দেশে এখন জোটের রাজনীতি চলছে। এবার আমাদের সামনে অস্তিত্ব ও ভবিষ্যত রক্ষার প্রশ্ন এসে দাঁড়িয়েছে। তাই চারদলীয় জোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি’।

এরশাদের মতে জাতীয় পার্টি নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে কোনো দল বা সংবাদপত্রের কথায় এ সিদ্ধান্ত প্রভাবিত হবে না।

১৯৯০ সালের গণ আন্দোলনে ডা. মিলন হত্যাকান্ডের জন্য দায়দায়িত্ব অস্বীকার করে এরশাদ বলেন, ডা. মিলন হত্যা হয়েছে দুটি ছাত্র সংগঠনের ‘ক্রসফায়ারে’।