২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের আগে উন্নয়ন সহযোগিদের আওয়ামী লীগ ও বিএনপির সাথে বৈঠক

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের উন্নয়ন সহযোগিরা নির্বাচনের চারটি প্রধান বিষয়কে প্রাধান্য দিয়ে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির সাথে সোমবার বৈঠক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 09:41 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

মার্কিন য্ক্তুরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পরিচালক রিচার্ড বাউচারের বাংলাদেশ ভ্রমণের এক সপ্তাহের মধ্যে উন্নয়ন সহযোগিরা এমন উদ্যোগ নিলো।

এ সংক্রান্ত বৈঠক শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দা অ্যাফেয়ার্স এবং ইউএসএইড’র মিশন পরিচালক জেনে ভি. জর্জ সাংবাদিকদের নির্বাচনী চারটি মূল বিষয় ব্যখ্যা করেন।

তিনি বলেন, অভ্যন্তরীণ নির্বাচন পর্যবেক্ষণ, আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনের সাথে চলমান সহযোগিতা বজায় রাখা এবং ভোটারদের সচেতনা বৃদ্ধির বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে।

২০০৭ সালে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে কিভাবে উন্নয়ন সহযোগিতা নির্বাচন প্রক্রিয়ায় সাহায্য করতে পারে, তা নিয়ে  লোকাল কনসালটেটিভ গ্রুপ বা এলসিজি রাজনৈতিক দলগুলোর  নেতৃবৃন্দের সাথে রাজধানীর এক হোটেলে এই মতবিনিময় সভার আয়োজন করে।

জর্জ বলেন, আসন্ন নির্বাচনকে কিভাবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করা যায়, উন্নয়ন সহযোগিরা এ বিষয়ে কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের পরিকল্পনার বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমরা এই আলোচনায় অত্যন্ত সন্তুষ্ট এবং আমরা তাদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে লিখিত পরামর্শকেও স্বাগত জানিয়েছি।

বৈঠক শেষ হওয়ার বেশ কিছুক্ষণ আগে বৈঠক থেকে বের হয়ে এলে কৃষিমন্ত্রী এবং বিএনপির সহসভাপতি এমকে আনোয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তাদের দল একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার জন্য যে কেনো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।  

তিনি বলেন, ‘উন্নয়ন সহযোগিদের সুনির্দিষ্ট কর্মকাণ্ডে সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। আমরা চাই সকল রাজনৈতিক দল ও প্রার্থীরা নির্বাচনে সমান সুযোগ পাবে’।

‘দেশ ও বিদেশের সকলেই এখন বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছেন’ বলে তিনি মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রসঙ্গে কোন আলোচনা এই বৈঠকে হয়নি।

উন্নয়ন সহযোগিদের এই কর্মকাণ্ড  দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল কি না - তা জানতে চাওয়া হলে এমকে আনোয়ার বলেন, আমি তেমনটি মনে করি না।

বৈঠকে উপস্থিত বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ অপরিহার্য। কেননা সুষ্ঠু পরিবেশ না থাকলে কোন সংস্কারই ফল বয়ে আনবে না।

তিনি আরো বলেন, সরকারি দলের সাথে সম্পর্ক আছে, কিংবা আত্মীয় - স্বজন, বন্ধু - বান্ধব এমন অনেকেই স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করলে তা নির্বাচন পর্যবেক্ষণকেই প্রশ্নবিদ্ধ করবে।

তিনি আরও বলেন, উন্নয়ন সহযোগিদের ভোটার সচেতনা বৃদ্ধির বিষয়ে আমরা বলেছি গণমাধ্যমের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। কেননা ইলেক্ট্রনিক মিডিয়ার অধিকাংশই সরকারদলীয় কোনো না কোনো ব্যক্তির মালিকানাধীন।

উন্নয়ন সহযোগিরা আগামী নির্বাচনে একত্রে কিভাবে নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করতে পারবেন, নিয়েই বৃহৎ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানিয়েছেন এ ধরণের মত বিনিময় চলতে থাকবে।  

বৈঠকে অস্ট্রেলিয়ান হাই কমিশন, কানাডীয় উন্নয়ন সংস্থা সিডা,  ডেনমার্ক দূতাবাস, ডানিডা, ডিএফআইডি, ইউরোপিয় কমিশন, জার্মানী, নেদারল্যান্ড, নরওয়ের রাষ্ট্রদূতগণ, ইউএনডিপি, ইউএসএআইডি, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং এশিয়া ফাউন্ডেশন’র উর্ধ্বতন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে আবুল মাল আবদুল মুহিত, এএসএইচকে সাদেক, মহিউদ্দিন খান আলমগীর, বিএনপির জহিরউদ্দিন স্বপন এমপি ও সাখাওয়াত হোসেন বকুল এমপি, জামাতের কামারুজ্জামান ও ব্যারিস্টার আবদুর রাজ্জাক, জাতীয় পার্টির শেখ শহীদুল ইসলাম, বিকল্পধারার মেজর (অব) আবদুল মান্নান ও মাহি বি. চৌধুরী উপস্থিত ছিলেন।