২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ই-প্রকিউরমেন্ট চালুর দাবী জানিয়েছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ

দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতি ও আঁতাত নির্মূলের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে সোমবার সুশীল সমাজের নেতৃবৃন্দ ই-প্রকিউরমেন্ট ব্যবস্থা চালুর দাবী জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 09:04 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

জনগণের কাছে আইনপ্রণেতাদের জবাবদিহিতা নিশ্চিত করতে একটি নৈতিক নীতিমালা প্রণয়ন এবং সংসদকে কার্যকর করতেও তারা পরামর্শ দেন।

সাংসদ ও সরকারি কর্মকর্তাদের সম্পত্তির হিসাব প্রদান বাধ্যতামূলক করার দাবী পূনর্ব্যক্ত করে তারা সরকারি প্রতিষ্ঠানগুলোতে ই-গভর্নেন্স ব্যবস্থা চালু এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করারও পরামর্শ দেন।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং ই-প্রকিউরমেন্ট যথাযথভাবে বাস্তবায়নের দাবী জানিয়ে বলেন, এই ব্যবস্থা সরকার ও দরপত্রে অংশগ্রহণকারীদের কাগজপত্রবিহীন পরিবেশ প্রদানসহ জটিলতা, বিলম্ব এবং যে কোন প্রকার শারীরিক ঝুঁকি থেকে মুক্ত রাখবে।

ভিশন-২০২১ ‘উন্মুক্ত জবাবদীহিতা, স্বচ্ছতা ও স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ’ শীর্ষক বিশেষজ্ঞ পর্যায়ের এক আলোচনায় বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।

নাগরিক কমিটি-২০০৬ নগরীর সিরডাপ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে। ক্ষমতাসীন ও বিরোধী দলের সাংসদ, শিক্ষাবিদ এবং সাবেক সরকারী কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সদস্য এম সাইদুজ্জামান।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ক্ষমতাসীন দলের সাংসদ ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মুশফিকুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল।