২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা হালনাগাদের জন্য ২৫ কোটি টাকা পেল নির্বাচন কমিশন

দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে বুধবার অর্থ মন্ত্রণালয় ভোটার তালিকা হালনাগাদ কাজের জন্য নির্বাচন কমিশনকে প্রায় ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

সেই সাথে সুপ্রিম কোর্টের রায় মেনে এই টাকা হালনাগাদ কাজের পেছনেই ব্যয় করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধও জানিয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের চাওয়া অঙ্কের চেয়ে অনেক কম তারা বরাদ্দ দিয়েছেন। অর্থমন্ত্রী প্রথম থেকে এ অর্থ বরাদ্দে আপত্তি জানালেও প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তিনি আর না করেননি।

এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর কিছু টাকা নির্বাচন কমিশনকে দিয়েছি।

তবে টাকার অংক প্রকাশ করতে তিনি অস্বীকার করেন।

সাইফুর রহমান আরও জানান, টাকা দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনকে এটাও অনুরোধ করা হয়েছে যাতে করে তারা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ কাজের পেছনেই এ টাকা ব্যয় করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, তাদের চাওয়া ৪০ কোটি ৮৬ লাখ টাকার বিপরীতে অর্থ মন্ত্রণালয় মাত্র ২৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। প্রত্যাশার সাথে প্রাপ্তির এই বিপুল ফারাক সম্পর্কে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব অবশ্য আগেই আভাস দিয়ে রেখেছিলেন।

বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের নিয়মিত ব্রিফিং - এর এক পর্যায়ে তিনি বলেছিলেন, প্রাপ্য টাকা দিয়ে কাজ সম্পন্ন করা না গেলে আবারো মন্ত্রণালয়ের দ্বারস্থ হতে হবে।

প্রসঙ্গত, এর আগে আদালতের নির্দেশ উপেক্ষা করে নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা তৈরির নামে প্রায় ৪৩ কোটি টাকা ব্যয় করে। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অপর এক রায়ের প্রেক্ষিতে ওই তালিকা বাতিল ঘোষিত হয়। রায়ে নতুন তালিকার বদলে ২০০০ সালে প্রস্তুতকৃত বিদ্যমান তালিকাটি--ই হালনাগাদ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হলে কমিশন অর্থ সংকটে পড়ে।