জোট সরকার রাষ্ট্রের প্রতিটি খাত রাজনীতিকরণ করে ফেলেছে: আব্দুল জলিল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সোমবার বলেছেন, ক্ষমতাসীন বিএনপি-জামাত জোট সরকার জনপ্রশাসন ও বিচার বিভাগসহ রাষ্ট্রের প্রতিটি খাত রাজনীতিকরণ করেছে।
তিনি বলেন, জাতীয় সংসদ বর্তমানে ক্ষমতাসীন জোটের সন্ত্রাসী ও গডফাদারদের স্বর্গস্থানে পরিণত হয়েছে।
নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে বিরোধী ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এ কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বারাকাত।
জলিল সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা, অন্যান্য মন্ত্রী এবং সাংসদও সরকারি সম্পদ নয়ছয় করেছে এবং অর্থ বিদেশে পাচার করছে। তাদের এই পাইকারি দুর্নীতির কারণে দেশ দূর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে।
তিনি প্রধান নির্বাচন কমিশনার ও অন্য দুই কমিশনারকে প্রত্যাহার, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনী সংস্কারের ব্যাপারে পুনরায় দাবি জানান। এ ছাড়া তিনি প্রতিটি স্তরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ লালনের জন্যও সরকারকে দায়ী করেন।
ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, যারা রাষ্ট্রীয় অর্থ - সম্পদ লুট করে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। পরবর্তী নির্বাচনে ১৪ দল যদি ক্ষমতায় আসে তবে এসব লোককে দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে বিচার করা হবে।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এএফএম বাহাউদ্দিন নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন, আব্দুল মান্নান, মির্জা জলিল, হাজী সেলিম প্রমুখ।
উদ্বোধন শেষে স্বেচ্ছাসেবক লীগের শতাধিক কর্মী শোভাযাত্রা বের করেন।
