সেপ্টেম্বরে চারদলীয় জোটে যোগ দেওয়ার ঘোষণা দিলেন এরশাদ
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরদিন শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সেপ্টেম্বর মাসে চারদলীয় জোটে যোগ দেওয়ার ঘোষণা দিলেন।
তিনি বলেছেন, চারদলীয় জোটে যোগ না দিলে সরকার তার বিরুদ্ধে থাকা মামলাগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাকে হয়রানি করবে। হয়রানির চেয়ে চারদলীয় জোটে যোগ দেওয়া ভাল।
তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি তার সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দলের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ সিদ্ধান্ত দলের সবাইকে মেনে নিতে হবে।
রাজধানীর বারিধারায় তার প্রেসিডেন্ট প্যালেস অ্যাপার্টমেন্টে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
এ সময় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের রাজনৈতিক উপদেষ্টা কাজী ফিরোজ রশিদ, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাপার সংসদ সদস্য মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার রাতে তারেক রহমান ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথে বৈঠক প্রসঙ্গে এরশাদ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি তাকে খুবই প্রয়োজন মনে করছে।
আগামী নির্বাচনে চারদলীয় জোটের বিজয় নিয়ে সংশয় থেকে তাকে জোটে টানা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে সাবেক রাষ্ট্রপতি কোন মন্তব্য করা থেকে বিরত থাকেন।
তিনি বলেন, চারদলীয় জোটের রূপকার তিনি। তার দল চারদলীয় জোটে ছিল। তবে বিশেষ কারণে গত নির্বাচনের আগে তিনি ও তার দল জোট থেকে বেরিয়ে গিয়েছিলেন।
আবারো রাষ্ট্রপতি হওয়ার আকাঙ্খায় চারদলীয় জোটে যোগ দিচ্ছেন কিনা - এ প্রশ্নের জবাবে ক্ষমতার লোভে চারদলীয় জোটে যোগ দিচ্ছেন না উল্লেখ করে এরশাদ বলেন,
“আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। বিএনপির আদর্শের সাথে তার জাতীয় পার্টির অনেক মিল রয়েছে। তবে পার্টির অন্যান্যরা হয়তো কিছু পোষ্ট - পজিশন চাইতে পারেন”।
তারেক ও বাবরের সাথে বৈঠকে আসন বন্টনসহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা স্বীকার করে তিনি বলেন, সরকার জোটে যোগ দেওয়ার শর্তে আগামী এক মাসের মধ্যে মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।
এরশাদ জানান, দলের মতামত নেওয়ার জন্য তিনি তাদের কাছ থেকে কিছু সময় চেয়েছেন। তবে শিগগিরই প্রেসিডিয়াম সভা ডেকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।
জাতীয় পার্টির নেতারা দাবি করেন, বৃহস্পতিবার রাতের বৈঠকে তারেক রহমান ও বাবর এরশাদের বিরুদ্ধে আদালতে বিচারাধীন দূর্নীতির মামলাগুলো এক মাসের মধ্যে প্রত্যাহার, তার দলকে জোটের পক্ষ থেকে আগামী নির্বাচনে ৬০টি আসন ছেড়ে দেওয়া এবং জোট বিজয়ী হলে নির্বাচনের পর এরশাদকে রাষ্ট্রপতির পদে নির্বাচিত করার আশ্বাস দিয়ে তাকে চারদলীয় জোটে যোগদান করার জন্য প্রস্তাব দিয়েছেন।
