২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার আশঙ্কা: সরকার ও বিরোধীদলকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে নিরাপত্তা বিশেষজ্ঞদের আহ্বান

গোয়েন্দা সংস্থাগুলো বিরোধী দল আহুত মঙ্গলবারের পদযাত্রা কর্মসূচিতে গ্রেনেড হামলাসহ নাশকতার যে আশঙ্কা করছে নিরাপত্তা বিশেষজ্ঞরা তা এক সঙ্গে ধৈর্যের সাথে মোকাবিলা করার জন্য সরকার ও বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 05:29 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

বিডিনিউজ’র সাথে আলাপকালে সাবেক সামরিক কর্মকর্তারা বলেন, যদি নাশকতার কোনো আশঙ্কা বা ক্লু সরকার পেয়েই থাকে তাহলে তাদের সম্ভাব্য হামলাকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালানো উচিত।

মেজর জেনারেল (অব.) মঈনুল প্রশ্ন রেখে বলেন, সরকার যদি চিহ্নিতই করতে পারে যে বিরোধী দলের কর্মসূচির সময় নাশকতামূলক কোনো হামলা হবে, তাহলে তারা কেনো সম্ভাব্য হামলাকারীদের ধরছে না?

নাগরিক কমিটি ২০০৬ এর সদস্য জেনারেল মঈনুল আরো বলেন, এটি কোন ধরনের গোয়েন্দাগিরি? কিসের ভিত্তিতে তারা বলে যে নাশকতা হতে পারে?

তিনি বলেন, সরকার নাশকতার আশঙ্কা করছে। কাজেই সরকারকেই তা প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে।

বিরোধী দলের পক্ষ থেকে পদযাত্রায় নাশকতামূলক হামলার আশঙ্কা প্রকাশ করার বিষয়ে তিনি বলেন, বিরোধী দলের কাছেও যদি এ রকম তথ্য থাকে, তাহলে তাদেরও উচিত সরকারকে সহযোগিতা করা। এ ছাড়া তারা যদি হামলার বিষয়টি নিশ্চিতই হয় তবে তাদের উচিত  কর্মসূচি প্রত্যাহার করা।

মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মাদ ইব্রাহীম বলেন, সরকারের উচিত এই মুহূর্তে সহনশীলতা, সতর্কতা এবং ধৈর্য্য প্রদর্শন করা। আর বিরোধী দলের উচিত হবে কর্মসূচির সময় কোনো ধরনের উস্কানীমূলক বা ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকা। 

তিনি বলেন, জাতীয় নির্বাচনের কারণে আগামী তিন মাস দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সুতরাং এ সময়ে রাজনৈতিক দলগুলোর উচিত সহনশীলতা প্রদর্শন করা।

তিনি আরো বলেন, অতীতে যখনই কোনো গণ্ডগোল হয়েছে, রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষ চাপিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাসই এর মূল কারণ। 

জেনারেল ইব্রাহীম বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর কাছে নাশকতা সংক্রান্ত কোনো সুস্পষ্ট তথ্য থাকলে তাদের উচিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো।

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার আইন -- শৃঙ্খলা পরিস্থিতিবিষয়ক বিশেষ পর্যালোচনা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, ২৫, ২৬, ২৯ ও ৩০ জুলাইয়ে বিরোধী দলীয় পদযাত্রা কর্মসূচিতে নাশকতামূলক হামলা হতে পারে বলে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগে আইন -- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমাদের জন্যে একটি বড় চ্যালেঞ্জ।

এ কাজে বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে আগামী মাসগুলোতে সরকার ও বিরোধী দলের অনেকগুলো রাজনৈতিক কর্মসূচি থাকবে, যাতে নাশকতামূলক হামলা হতে পারে।

তিনি জানান, পদযাত্রা কর্মসূচির নিরাপত্তা জোরদার করতে র‌্যাব সদস্যরা ওইসব এলাকার বাড়ির ছাদে অবস্থান নেবে এবং অংশগ্রহণকারীদের সবাইকেই নগরীসহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তল্লাশি চালানো হবে।

এদিকে ১৪ দলীয় বিরোধী জোট সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, তাদের পদযাত্রা কর্মসূচিতে কোনো ধরনের হামলা হলে তার দায় -- দায়িত্ব সরকারকেই নিতে হবে।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল তাদের পদযাত্রায় নাশকতার আশঙ্কা প্রকাশ করে বলেন, পদযাত্রাসহ শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো ধরনের হামলা হলে সরকারকেই তার দায় -- দায়িত্ব নিতে হবে।

তিনি আরো বলেন, আইন -- শৃংখলা রক্ষার দায়িত্ব সরকারের। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা সরকারকেই নিতে হবে। তারা আমদের সহায়তা চাইলে আমরা দেব।