প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সাথে সক্ষাতের আবেদন জানিয়েছে নাগরিক কমিটি
সুশীল সমাজ সদস্যদের নিয়ে গঠিত নাগরিক কমিটি সাক্ষাৎ চেয়ে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কাছে চিঠি পাঠিয়েছে।
তারা দু’ নেত্রীর সাথে ২০০৬ সালের আসন্ন নির্বাচন ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চায়।
নাগরিক কমিটির সদস্য সচিব ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য বিডিনিউজকে বলেন, আমরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে দেশব্যাপী পরিচালিত নাগরিক সংলাপের মাধ্যমে বেরিয়ে আসা ৩৭টি প্রস্তাবনার বিষয় নিয়ে আলোচনা করতে চাই।
তারা প্রধান দু’ রাজনৈতিক দলের অনান্য নেতাদের আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন বলে দেবপ্রিয় ভট্টাচার্য জানান।
তিনি বলেন, বিশেষজ্ঞদের মতামত গ্রহণের জন্য কমিটি ঢাকায় আগামী মাসে সিরিজ সংলাপ এবং নভেম্বরে একটি জাতীয় সম্মেলনের আয়োজন করবে।
সিপিডি ও দুটি জাতীয় দৈনিকের আয়োজনে দেশব্যাপী সংলাপের ধারাবাহিকতায় ২০ মার্চ অধ্যাপক রেহমান সোবহানকে আহ্বায়ক করে নাগরিক কমিটি গঠন করা হয়।
কমিটি ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, বরিশাল, সিলেট, রাঙ্গামাটি, চট্টগ্রাম ও রংপুরে আটটি আঞ্চলিক সংলাপের আয়োজন করে। প্রায় আড়াই হাজার লোক ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্যে বক্তব্য রাখেন পাঁচশ’ ৭৫ জন ।
ওই সংলাপের ওপর ভিত্তি করে কমিটি প্রয়োজনীয় রাজনৈতিক ও নির্বাচনী সংস্কারের সুপারিশমালা তৈরি করে।
