জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবারো ছাত্রদল -- ছাত্রলীগ -- শিবির সংঘর্ষ, আহত ৫০ জন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার সকালে আবারো ছাত্র সংঘর্ষের ঘটনায় কমপক্ষে অর্ধশতাধিক ছাত্র আহত হয়। ছাত্রদল -- ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া -- পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীরা যৌথভাবে ছাত্র শিবিরের ক্যাডারদের ওপর হামলা চালায়।
আহতদের মধ্যে ১০ জন ছাত্র শিবির ক্যাডারকে মিটফোর্ড ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গত দুদিন ধরে ওই ক্যাম্পাসে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষ চলছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রোববার সকালে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষে আহত হয় প্রায় ৫০ জন।
প্রথম দফায় শনিবার ছাত্র শিবিরের এক কর্মির ওপর ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মিরা যৌথভাবে হামলা চালায়। ওই ঘটনার জের ধরে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয় ১০ জন।
এ সব ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
