২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোনো জোটে গেলেই জাপা ভাঙনের শিকার হবে: বিডিনিউজকে জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি বলেছেন, ক্ষমতাসীন চার দলীয় কিংবা বিরোধী ১৪ দল -- যে কোনো জোটে গেলেই জাপাকে ভাঙনের শিকার হতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2006, 04:53 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

তারপরও জনগণের জন্যে রাজনীতি করতে চাইলে অবশ্যই জাপাকে বিরোধী ১৪ দলীয় জোটে যেতে হবে বলে তিনি বিডিনিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে মত প্রকাশ করেন।

তিনি বলেন, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে জাপার উচিত বিরোধী জোটে গিয়ে কাজ করা। সরকার পরিবর্তন ও পরবর্তি একটি গণমুখী সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারলে জাপাই লাভবান হবে।

তিনি বলেন, বিরোধী জোটে গিয়ে সরকার পরিবর্তনে কাজ করলে কথিত ‘স্বৈরাচারি’ এরশাদেরও গণমুখী নেতা এবং গণমুখী দল হিসেবে জাপার ভাবমূর্তি তৈরি হবে। এতে নির্বাচনে হেরে গেলেও জাপা লাভবান হবে। অন্যদিকে চারদলীয় জোটে গিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হলেও জাপা ক্ষতিগ্রস্ত হবে। জাপা ক্ষমতাসীন জোটে ‘হজম’ হয়ে যাবে।

কাদের বলেন, দেশের মানুষ এখন দুইভাগে বিভক্ত হয়ে পড়েছে। দু’ পক্ষের ভোটই প্রায় সমান। তাই জাপার প্রায় আট শতাংশ ভোট ‘ফ্যাক্টর’ হয়ে দাঁড়িয়েছে। জাপা যদি দুর্নীতিবাজ এ সরকারকে সরাতে কার্যকর ভূমিকা রাখতে পারে, তাহলে ভোটের পরিমাণ আরো বাড়বে। এতে জাপা ‘ব্যালেন্সিং পজিশনে’ চলে আসবে।

জোটে গেলে জাপায় ভাঙনের আশংকা প্রসঙ্গে জিএম কাদের বলেন, শুধু সরকারি জোটে গেলেই জাপা ভাঙবে, তা নয়। বিরোধী জোটে গেলেও জাপা ভাঙতে পারে। জাপাকে ঐক্যবদ্ধ রাখার সিদ্ধান্ত নিতে ইতোমধ্যেই অনেক দেরি হয়ে গেছে।

ত্রিধাবিভক্ত জাপার একীভূত হওয়ার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে জোর তৎপরতা চলছে। তবে এক হওয়ার ব্যাপারে আমি আশাবাদী হতে পারছি না।

তিনি বলেন, ’৯০ পরবর্তি সব সরকারই জাপাকে তাদের অন্যতম প্রতিপক্ষ মনে করেছে। চেয়ারম্যান এরশাদসহ শীর্ষ নেতাদের মামলায় জড়িয়ে চাপের মধ্যে রেখে বিভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। ফলে জাপা কোনো গঠনমূলক কর্মসূচি নিতে পারেনি। দলেরও কোনো স্বচ্ছ রাজনীতি নেই। এতে দলের ভেতরে ভিন্নমত সৃষ্টি হয়েছে।

জঙ্গি ইস্যুতে সরকারের সাফল্যের দাবিকে উড়িয়ে দিয়ে জিএম কাদের বলেন, দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে জোট সরকারের পৃষ্ঠপোষকতায়। সরকার তাদের দমন করেনি, বরং সমস্যা সৃষ্টি করে সমাধানের নামে দেশবাসীর কাছে ‘বাহবা’ নিয়েছে। জঙ্গি ধরার নামে সরকার মানুষকে বিভ্রান্ত করে প্রধান সমস্যাগুলো থেকে মুখ ফেরাতে বাধ্য করেছে।

তিনি আবারো জঙ্গি হামলার আশংকা প্রকাশ করে বলেন, দেশে জঙ্গি সমস্যার এখনো সমাধান হয়নি। কিছু শীর্ষ জঙ্গি নেতা ধরা পড়লেও দেশে প্রচুর জঙ্গি রয়েছে। এরা সরকারকে ‘ক্রেডিট দেওয়ার জন্যে’ চুপ করে রয়েছে, যাতে তাদের ‘লাইক মাইন্ডেড’ সরকার বিব্রতকর অবস্থায় না পড়ে। এ সরকার পদত্যাগের পর তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিলেই তারা আবার মাথা চাড়া দিয়ে উঠবে।

জাতীয় সংসদে জাপা সংসদীয় দলের কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে জিএম কাদের বর্তমান সরকারকে স্বাধীনতা পরবর্তি সময়ের সবচেয়ে দুর্নীতিবাজ সরকার হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, তারা প্রশাসন, সংসদ, নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ করে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে।

তিনি বলেন, আগে এরশাদকে ‘স্বৈরাচারি’ হিসেবে উল্লেখ করে নির্বাচন প্রভাবিত করার জন্যে অভিযুক্ত করা হতো। তাই তত্ত্বাবধায়ক সরকারের দাবি এসেছিল, যা বিশ্বের কোথাও নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারও নির্বাচনকে প্রভাবিত করছে। তাই সংস্কারের দাবি এসেছে। গণতান্ত্রিক সরকার হিসেবে বিরোধী দলের এই দাবি না মানাটাই অযৌক্তিক। এ দাবি না মানা হবে সরকারের ‘গোঁয়ার্তুমি’।

তবে প্রচলিত নির্বাচন ব্যবস্থার বিরোধিতা করে জিএম কাদের বলেন, ভোটের আনুপাতিক হারের ওপর প্রতিনিধি নির্বাচিত হবে। এটি কালো টাকা ও পেশিশক্তির প্রভাব হ্রাস করবে।