জোট সরকার একনেক’র অনুমোদন না নিয়েই প্রকল্পের টাকা লুটপাট করছে : শেখ হাসিন
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জোট সরকার শেষ বেলায় এসে একনেক’র কোনো অনুমোদন না নিয়েই এডিপি ও প্রকল্পের টাকা যথেচ্ছভাবে ছাড় করিয়ে লুটপাট করছে। এই প্রক্রিয়ায় একদিনেই ১ হাজার ৪ শ’ ৭৩ কোটি টাকা ছাড় করানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দলের তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ধানমন্ডির কার্যালয়ে রাজশাহী বিভাগের রংপুর ও পাবনার জেলা, থানা ও প্রথম শ্রেণীর পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত জোট সরকার জিনিসপত্রের দাম বাড়িয়ে জনগণের কাছ থেকে ২ লাখ ৮৬ হাজার কোটি টাকা লুটে নিয়েছে। এই টাকা আগামী নির্বাচনে ব্যবহার করে ভোট চুরি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কাজে লাগাবে তারা। ভোট চুরি করে আবার ক্ষমতায় আসার এই পরিকল্পনা সফল হতে দেওয়া হবে না।
শেখ হাসিনা বলেন, জনগণের লুটের টাকা বিএনপি জামাত জোটের লুটেরাদের কাছ থেকে আদায় করতে হবে। ওরা যেন ওই টাকা ব্যবহার করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
আবারও খসড়া ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) বিএনপি জামাত জোটের নীল নকশা অনুযায়ী ভোট চুরির নানা কলাকৌশল করছেন। জনগণের ভোটের অধিকার নিয়ে তিনি বারবার খেলা খেলছেন। জোটের ভোট চুরি করে আবার ক্ষমতায় আসার ষড়যন্ত্র এবং ভোটার তালিকা নিয়ে যে তেলেসমাতি কারবার চলছে তা প্রতিহত করতে হবে।
জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মাঠ পর্যায়ে দলের সাংগঠনিক অবস্থান জানা এবং সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে খোঁজখবর নেওয়ার লক্ষ্যে পর্যায়ক্রমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মিদের সঙ্গে মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
দলের কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত ছিলেন।
