পঞ্চদশ সংশোধনী উদ্দেশ্যমূলক ও অপ্রয়োজনীয়, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা ও গায়ের জোরে ক্ষমতায় ফেরার নতুন ষড়যন্ত্র : শেখ হাসিনা (আপডেট)
সংসদে বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনার সরকারি প্রক্রিয়াকে ‘উদ্দেশ্যমূলক, অনাকাঙ্খিত, অনভিপ্রেত ও অপ্রয়োজনীয়’ এবং ‘ক্ষমতায় ফিরে আসার নতুন ষড়যন্ত্র’ উল্লেখ করে এর কড়া সমালোচনা করেছেন।
তিনি বলেছেন, ক্ষমতা কুক্ষিগত রাখতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংসদে দুই--তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে জোটের একনায়কসুলভ আচরণ থেকেই সংবিধানে এই সংশোধনী আনা হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে সরকার এখন কাউকেই বিশ্বাস করতে পারছে না। এরই পরিপ্রেক্ষিতে সরকার ৫০ থেকে ৬০ জন সামরিক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণের পরিকল্পনা করছে বলে জানা গেছে।
দলের তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজশাহী বিভাগের লালমনিরহাট ও সিরজগঞ্জের জেলা, থানা ও প্রথম শ্রেণীর পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।
একই সংবিধানে দুই বিধি থাকতে পারে না -- উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সংবিধানে আছে -- কোনো সংসদ সদস্য মারা গেলে ৯০ দিনের মধ্যে শুন্য আসনে নির্বাচন করতে হবে। সেখানে ১৮০ দিন হয় কীভাবে? তিনি এর সমালোচনা করে বলেন, এই সংশোধনের কোন প্রয়োজনই ছিল না। এতে করে আইনী জটিলতাই কেবল সৃষ্টি করবে।
তিনি বলেন, সরকার গায়ের জোরে যা খুশি তাই করবে -- এটা হতে পারে না। ক্ষমতায় ফিরে আসার নতুন এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। জনগণের অধিকার কেড়ে নেওয়ার সব কলা-- কৌশল ঠেকাতে হবে।
সংসদ নির্বাচনের প্রাক্কালে মাঠ পর্যায়ে দলের অবস্থান জানা এবং সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে খোঁজখবর নেওয়ার লক্ষ্যে পর্যায়ক্রমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ধানমন্ডি কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আমলে বহু সামরিক কর্মকর্তাকে হত্যা করেছেন এবং বহিষ্কার করেছেন কয়েক হাজার কর্মকর্তাকে। বর্তমান প্রধানমন্ত্রীও তার স্বামীর পদাঙ্ক অনুসরণ করে চলেছেন বলে তিনি মন্তব্য করেন।
আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক কারণে কারও বিরুদ্ধে কোন পদক্ষেপ নেননি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমার সময়ে আমি খুব সহজেই গোলাম আযমের ছেলে অথবা প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারতাম। কিন্তু আমি কখনও রাজনৈতিক হীনমন্যতায় ভূগি না। সরকার যেসব কর্মকর্তাকে অপসারণের পরিকল্পনা করছে তাদের পরিবারের সদস্যদের দোষ কোথায়?
তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি-জামাত জোট জনগণের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। তারা এখন কাউকেই বিশ্বাস করে না। আর এ অবিশ্বাস থেকেই তারা এখন প্রশাসনকে দলীয়করণে তৎপর হয়েছে।
বৈঠকে তৃণমূল নেতারা তাদের এলাকার সাংগঠনিক, রাজনৈতিক ও আইন শৃংখলা পরিস্থিতি এবং আগামী নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে বিস্তারিত চিত্র দলীয় প্রধানের কাছে তুলে ধরেন।
শেখ হাসিনা সরকার বিরোধী চলমান আন্দোলন এগিয়ে নেওয়ার পাশাপাশি আগামী নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য তৃণমূল নেতাদের পরামর্শ দেন। একই সঙ্গে ঐক্যবদ্ধ থেকে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে একযোগে কাজ করারও নির্দেশ দেন।
তৃণমূল নেতাদের হুঁশিয়ার করে দিয়ে আওয়ামী লীগ প্রধান বলেন, সবাইকে দলীয় সিদ্ধান্ত মেনে শৃংখলা বজায় রাখতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হলে তাকে প্রতিহত করার জন্য সংশ্লিষ্ট এলাকার নেতাদের পরামর্শ দেন তিনি।
মতবিনিময় অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
