২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংগ্রাম জোরদার করে জোটের ভোটচুরি ঠেকান, অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে একযোগে কাজ করুন: রাজশাহীর তৃণমূল নেতাদের হাসিনা

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-- জামাত জোট দুঃশাসনে অতীষ্ঠ জনগণ আর ভোট দেবে না বলে ক্ষমতাসীনরা ভোট চুরির সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে। ভোট চুরি প্রতিরোধ এবং প্রত্যেকের ভোট রক্ষার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 06:02 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাজশাহী জেলা, মহানগর, থানা ও প্রথম শ্রেণীর পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি একথা বলেন।

তিনি বলেন, জোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আবার ক্ষমতায় আসার প্রক্রিয়া ঠেকাতে জনগণকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র সুসংহত করতে আন্দোলন জোরদার করে দুর্নীতিবাজ ভোটচোর জোটকে ক্ষমতাচ্যুত করতে হবে। 

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তৃণমূল নেতারা তাদের সংশি¬ষ্ট এলাকার সাংগঠনিক, রাজনৈতিক ও আইন-শৃংখলা পরিস্থিতি এবং আগামী নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে বিস্তারিত চিত্র দলীয় প্রধানের কাছে তুলে ধরেন।

শেখ হাসিনা সরকার বিরোধী চলমান আন্দোলন এগিয়ে নেওয়ার পাশাপাশি আগামী নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য তৃণমূল নেতাদের পরামর্শ দেন। একই সঙ্গে ঐক্যবদ্ধ থেকে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে একযোগে কাজ করার নির্দেশ দেন তিনি।

তৃণমূল নেতাদের হুঁশিয়ার করে দিয়ে আওয়ামী লীগ প্রধান বলেন, সকলকে দলীয় সিদ্ধান্ত মেনে শৃংখলা বজায় রেখে এগিয়ে যেতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হলে তাকে প্রতিহত করতে সংশ্লিষ্ট এলাকার নেতাদের তিনি পরামর্শ দেন।

রাজশাহী জেলা, এর বিভিন্ন থানা ও মহানগরীতে নেতৃত্বে অন্তর্কোন্দল ও সৃষ্ট ভুল বুঝাবুঝি মিটিয়ে ফেলে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির নির্দেশ দেন দলীয় প্রধান।    

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে শেখ হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার বাস্তবায়ন হলে ক্ষমতাসীনরা শতভাগ ভোট চুরি করতে পারবে না। তাই ক্ষমতা কুক্ষিগত রাখতে ভোট চুরির সকল অপকৌশল গ্রহণ করছে তারা। তাদের ওই অপকৌশল প্রতিহত করে সংস্কারের দাবিতে আন্দোলন এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, আর কেউ যেন ভোট চুরি করতে না পারে, সেজন্য সকলকে সচেতন করতে হবে। ভোট চুরির প্রক্রিয়া প্রতিহত করতে সকলকে প্রস্তুত থাকতে হবে।

শেখ হাসিনা অভিযোগ করেন, বিএনপি - জামাত জোট গত সাড়ে চার বছরে জনগণের যে অর্থ সম্পদ লুট করেছে, তা আগামী নির্বাচনে ব্যয় করবে। তারা জোর করে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়।

নির্বাচনের আগে লুটের জন্যই জাতীয় বাজেটে থোক বরাদ্দ রাখা হয়েছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। 

তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে গরিব মানুষের ধন সম্পদ লুট করে অগাধ সম্পত্তির মালিক হয়ে এখন তারা কাউকেই পরোয়া করে না। জনগণের দিকে ফিরে তাকানোর প্রয়োজনও মানে করেনা। ওরা শুধু কালো টাকা বানাতেই ব্যস্ত।

বিএনপি জামাত জোট সংবিধান লংঘন করে দেশ চালাচ্ছে -- এই অভিযোগ করে শেখ হাসিনা বলেন, সর্বস্তরে দলীয়করণ ও দুর্নীতির মাধ্যমে তারা সারাদেশে চরম নৈরাজ্য সৃষ্টি করেছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে তারা। বিএনপি ও জামাতের অনুগত না হওয়ায় দুই সহস্রাধিক শিক্ষকের চাকরি কেড়ে নিয়েছে।

তিনি বলেন, ওয়াদা ভঙ্গকারী জোট সরকার অঙ্গিকার বাস্তবায়ন না করে শিক্ষক সমাজের ওপর নির্যাতন চালাচ্ছে। শিক্ষকদের ন্যয্য দাবির প্রতি একাতœতা জানিয়ে তিনি বলেন, আগামীতে ক্ষমতায় গেলে সবার জন্য শিক্ষা ব্যবস্থা øাতক পর্যন্ত অবৈতনিক করা হবে।