দেশে ২০০৫ সালে ৪২৩টি দুর্নীতির ঘটনায় ক্ষতির পরিমাণ ৫২৬ কোটি টাকা, বিস্তারিত
দেশে ২০০৫ সালে ৪২৩টি দুর্নীতির ঘটনায় মোট ৫২৬ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘করাপশন ডাটাবেজ ২০০৫’ প্রতিবেদনে একথা বলা হয়। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির দিক থেকে শীর্ষে রয়েছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত। ২০০৫ সালে এ খাতে দুর্নীতির পরিমাণ ২০৮ কোটি টাকারও বেশি। এরপরই রয়েছে বিদ্যুৎ ও বন বিভাগ। এ দুই খাতে দুর্নীতির পরিমাণ ৬৭ কোটি ৯৯ লাখ এবং ৬৭ কোটি ২৫ লাখ টাকারও বেশী।
টিআইবির সহকারী গবেষক তানভীর মাহমুদ সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন উপস্থাপন করেন। এতে বক্তব্য রাখেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাফ্ফর আহমেদ।
২০০৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে দেশের মোট ২৬টি দৈনিক পত্রিকার ২ হাজার ১২৮টি সংবাদ পর্যালোচনা করে এ প্রতিবেদন তৈরি করা হয়।
উল্লেখ্য, টিআইবি ২০০০ সাল থেকে দেশের দুর্নীতি নিয়ে গবেষণা চালিয়ে আসছে। বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলোয় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রণীত এ ডাটাবেজ টিআইবির দুর্নীতিবিষয়ক ৮ম গবেষণা প্রতিবেদন। বিভিন্ন খাতে দুর্নীতির বিস্তার ও দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করা, দুর্নীতির মোট পরিমাণ নির্ধারণ এবং দুর্নীতির প্রবণতা বিশ্লেষণের লক্ষ্যেই টিআইবি এই গবেষণা চালিয়ে আসছে।
প্রতিবেদনে দুর্নীতির দিক থেকে বিভিন্ন খাতকে সর্বাধিক, অধিক, মধ্যম ও স্বল্প এ চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। শিক্ষা, পুলিশ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাত এবং বেসরকারি খাতকে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। অধিক দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে: ভূমি, রাজনৈতিক দল, বন ও পরিবেশ, অর্থ ও পরিকল্পনা, যোগাযোগ এবং বিদ্যুৎ খাত। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, পানিসম্পদ, গৃহায়ন, ডাক ও টেলিযোগাযোগ, কৃষি, খাদ্য, মৎস্য ও পশুসম্পদ এবং নৌ পরিবহন খাতকে মধ্যম দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়। স্বল্প দুর্নীতিগ্রস্ত খাতগুলো হচ্ছে: জ্বালানি ও খনিজ সম্পদ, শিল্প, আইন ও বিচার, গৃহায়ন ও গণপূর্ত, সমাজ কল্যাণ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, নির্বাচন কমিশন, তথ্য, যুব ও ক্রীড়া, পাট, সংস্কৃতি, ধর্ম, বস্ত্র, সংস্থাপন, পররাষ্ট্র এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
টিআইবির গবেষণা অনুযায়ী দুর্নীতি বিস্তারের প্রধান কারণ হচ্ছে একচ্ছত্র ক্ষমতা।
গবেষণা প্রতিবেদনে দুর্নীতির প্রতিরোধের জন্য কিছু সুপারিশ করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে: দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করা, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের সরকারি ও বিরোধী দলে স্থান না দেওয়া, বিভিন্ন প্রতিষ্ঠানে আলাদা আলাদা ন্যায়পাল নিয়োগ করা, দ্রততার সঙ্গে জনপ্রশাসনের সংস্কার সাধন, শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা, দুর্নীতি মামলার বিচারের জন্য আলাদা বিচারালয়ের ব্যবস্থা রাখা, দুর্নীতিপরায়ণদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা এবং ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট বাতিল ও তথ্যের স্বাধীনতা আইন পাশ ও কার্যকর করা।
টিআইবির প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির কারণে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে শতকরা ৩৯ দশমিক ৯ ভাগ এবং সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১ দশমিক ৮ ভাগ। সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাতগুলোর মধ্যে শিক্ষা খাতে মাধ্যমিক বিদ্যালয় সংক্রান্ত দুর্নীতির হার বেশী। এক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও ঘুষের মাত্রাই বেশী। পুলিশের ক্ষেত্রেও থানা ও ট্রাফিক পুলিশের দুর্নীতির ঘটনা বেশী। স্বাস্থ্য খাতে দুর্নীতির ঘটনা বেশী ঘটছে স্বাস্থ্য কমপ্লেক্স ও মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় সরকার খাতে ইউনিয়ন পরিষদ ও এলজিইডি দুর্নীতির আধিক্যে জর্জরিত।
সরকারি কর্মকর্তাদের ৬৪ দশমিক ১ শতাংশের মধ্যে উচ্চপদস্থ ২৬ দশমিক ৯ শতাংশ এবং নিু পর্যায়ের ২৫ দশমিক ৭ শতাংশ দুর্নীতির সাথে জড়িত বলে প্রতিবেদনে বলা হয়।
এছাড়া ১৪ দশমিক ৩ শতাংশ বেসরকারি কর্মকর্তা ও ৮ দশমিক ১ শতাংশ জনপ্রতিনিধিও দুর্নীতির সাথে জড়িত বলে টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে।
এ ছাড়া দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধিদের ৪৩ দশমিক ৫ শতাংশ ইউপি চেয়ারম্যান, ২৭ দশমিক ১ শতাংশ ইউপি মেম্বার, ১১ দশমিক ৮ শতাংশ পৌর চেয়ারম্যান, ৮ দশমিক ২ শতাংশ এমপি, ৪ দশমিক ৭ শতাংশ মন্ত্রী, ১ দশমিক ৮ শতাংশ ওয়ার্ড কমিশনার এবং ১ দশমিক ২ শতাংশ মেয়র।
