সারাদেশে সকাল -- সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে, ঢাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ, ১ম লিড
আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে মঙ্গলবার দেশব্যাপী সকাল -- সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। হরতালের সকালে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১ টার দিকে ধানমণ্ডির রাসেল স্কোয়ার এলাকায় যুব মহিলা লীগের একটি হরতালের প্রচার মিছিলে পুলিশ হামলা করে। পুলিশের লাঠিচার্জে আহত হয় অন্তত ১০ জন নেতা -- কর্মী।
এছাড়া মিরপুর, কমলাপুর ও মতিঝিল এলাকায় হরতাল সমর্থক আওয়ামী লীগের খণ্ড খণ্ড মিছিলকে পুলিশ ধাওয়া করে হটিয়ে দেয়।
দেশব্যাপী ১৪ দলের অবরোধ কর্মসূিচ চলাকালে রোববার নগরীর মহাখালীতে পিকেটিং চলাকালে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন (৪৫) নিহত হওয়ার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়।
হরতালের কারণে রাজধানীর সড়কগুলোতে চলাচল করছে স্বল্প সংখ্যক যানবাহন। নগরীর দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানসহ অনেক প্রাইভেট অফিস হরতালের কারণে বন্ধ রয়েছে।
ঢাকার সঙ্গে আন্ত:জেলা বাস চলাচল রয়েছে বন্ধ। তবে রেল ও লঞ্চ যোগাযোগ স্বাভাবিক আছে। ঢাকার যে সব ভিআইপি সড়কে সাধারণত শুধু মোটরযান চলাচল করে, হরতালের জন্য সে সব রাস্তায় রিকশা চলছে।
হরতাল মোকাবিলায় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন -- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
