১৪ দলের ডাকে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল, মিলন স্মরণে শোক মিছিল অনুষ্ঠিত (আপডেট)
আওয়ামী লীগসহ ১৪ দল মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে। সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করেন।
রোববার দেশব্যাপী ১৪ দলের অবরোধ কর্মসূিচ চলাকালে নগরীর মহাখালীতে পিকেটিং চলাকালে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন (৪৫) নিহত হওয়ার প্রতিবাদে মঙ্গলবারের এ হরতাল ডাকা হয়। ১৪ দলের অভিযোগ, পুলিশের নির্যাতনের ফলেই মিলনের মৃত্যূ হয়েছে।
বঙ্গবন্ধু এভিনিউয়ে সোমবার আওয়ামী লীগের উদ্যোগে মিলনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ, আমীর হোসেন আমু, আব্দুর রাজ্জাক এবং শীর্ষ পর্যায়ের নেতারা।
জানাজার পরে আওয়ামী লীগ মিলন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন এবং প্রেস ক্লাব এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এছাড়া সোমবার বিকালে ঢাকাসহ সারাদেশে মিলন স্মরণে দলের পক্ষ থেকে শোক মিছিল বের করা হয়। কেন্দ্রীয়ভাবে বিকাল ৩টায় ঢাকার মুক্তাঙ্গন থেকে একটি শোক মিছিল বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
এদিকে হরতাল মোকাবিলায় সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হচ্ছে প্রায় ১০ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
