এসসিবিএ ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন সরকার সমর্থিত আইনজীবীরা
সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) রোববারের আদালত বর্জন কর্মসূচির পরিপ্রেক্ষিতে সমিতি ভেঙে দিয়ে নতুন সমিতি গঠনের হুমকি দিয়েছেন সরকার সমর্থিত আইনজীবীরা।
সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে রোববার এক প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) আহ্বায়ক খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ এমপি বলেন, প্রয়োজনে বর্তমান আইনজীবী সমিতি ভেঙে দিয়ে নতুন সমিতি গঠন করব।
সরকার সমর্থিত এবং বিরোধী দলীয় আইনজীবীদের মধ্যে রোববার হাতাহাতি, পরস্পরের প্রতি ফুলের টব ছুড়ে মারা এবং পরস্পরকে অশ্রাব্য গালিগালাজের পর সরকার সমর্থিত আইনজীবীরা এ হুমকি দেন।
এদিকে এসসিবিএ সভাপতি ব্যারিস্টার আমীর-উল ইসলাম বিডিনিউজকে জানান, এ ব্যাপারে তার কাছে লিখিত কোনও বিবৃতি আসেনি। তবে সরকার এসসিবিএ ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, সারা দেশের আইনজীবীরা এ ধরনের প্রক্রিয়া প্রতিহত করবে এবং সরকারের যেকোনও কূট পরিকল্পনার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে কাজ করবে।
এসসিবিএ রোববার ১১ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করার প্রতিবাদে আদালত বর্জন কর্মসূচি পালন করে।
কর্মসূচি চলাকালে সরকার ও বিরোধী দল সমর্থিত আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে বিরোধী দল সমর্থিত আইনজীবীরা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল কাদেরসহ চারজন সরকার সমর্থিত আইনজীবীকে মারধর করে।
বিরোধী দল সমর্থিত আইনজীবীরা ১১ আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়েরকারী অ্যাড. আবু বাকার সিদ্দিকী এবং তার কেরানি হারুনর রশিদ, মামলার অপর বাদী আবুল বাসার মজুমদারকেও মারধর করে।
এসসিবিএর ব্যানারে আইনজীবীরা আদালতের মূল ফটকে অবস্থান নেয় এবং তারা একটি মিছিল বের করে বলে প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্র জানায়। এসসিবিএর আইনজীবী বিভিন্ন আদালত কক্ষে প্রবেশ করে আদালতের কার্যক্রম স্থগিত রাখার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানায়।
অন্যদিকে বিজেএএফ সদস্যরা সুপ্রীম কোর্টের বিভিন্ন স্থানে অবস্থান নেয় এবং একটি মিছিল শুরু করে। এক পর্যায়ে দু’ দল মুখোমুখি অবস্থান নেয় এবং পরস্পরের প্রতি ফুলের টব ছুড়ে মারে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
বিরোধী দল সমর্থিত আইনজীবীদের হামলার প্রতিবাদে বিজেএএফ পরে সমাবেশ করে এবং তারা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও অন্যান্য আইনজীবীদের ওপর হামলাকারীদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানায়।
এ ব্যাপারে খন্দকার মাহবুব উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এসসিবিএর আইনজীবীরা বিচারপতি জয়নাল আবেদীন ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের এজলাশে প্রবেশ করে। ওই বিচারপতিদের এজলাশে আইনজীবীদের আদালত অবমাননা মামলার শুনানি হচ্ছিল। বিশৃঙ্খলার এক পর্যায়ে বিচারপতিরা শুনানি স্থগিত ঘোষণা করেন।
এসসিবিএ জানিয়েছে, যে আদালতেই এ মামলার বিচার হবে সে আদলতই তারা বর্জন করবে।
