প্রধানমন্ত্রী মানুষের জীবন কেড়ে নিয়ে অবৈধ অর্থ সম্পদ ভোগ ও জনগণের ভোটাধিকার হরণ করতে চান: হাসিনা, ১ম লিড
বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, প্রধানমন্ত্রী হত্যা ও নির্যাতন চালিয়ে মানুষের জীবন কেড়ে নিয়ে অবৈধভাবে অর্জিত অর্থ সম্পদ ভোগ এবং জনগণের ভোটাধিকার হরণ করতে চান।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় সরকারকে পদত্যাগ করে বিদায় নিতে হবে। দেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
রোববার দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি শেষে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এ কথা বলেন।
জনাকীর্ণ এই সংবাদ সম্মেলন থেকে আগামী মঙ্গলবার দেশব্যাপী সকাল--সন্ধ্যা হরতালসহ নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
অবরোধ কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা মিলন হত্যার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যতোবার মানুষ হত্যা করা হবে, ততোবার হরতাল দেওয়া হবে। কারণ এসব হত্যার জন্য জোট সরকারই দায়ি। ওই কর্মসূচিতে একজন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনার জন্যেও সরকারকে দায়ি করেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার, সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) ও অপর দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে বিরোধী জোট আহূত অবরোধ কর্মসূচি সফল করায় দেশবাসীর প্রতি অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, কোনো নিষেধাজ্ঞা না থাকার পরও সরকারের পেটোয়া বাহিনী ও দলীয় ক্যাডাররা শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমন চালিয়ে মানুষ হত্যা করেছে। তাদের অত্যাচার নির্যাতনের হাত থেকে সংসদ সদস্যরাও রেহাই পাননি।
অবরোধ চলাকালে একজন পুলিশ সদস্য নিহত হওয়ার কথা উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, দুর্নীতিবাজ, লুটেরাদের রক্ষা করতে গিয়ে পুলিশকে নিহত হতে হবে এটি মেনে নেওয়া যায় না।
শেখ হাসিনা বলেন, জোট দুঃশাসনে নির্যাতিত দেশবাসী এখন মুক্তি চায়, পরিবর্তন চায়। অবাধে ভোটাধিকার প্রয়োগ করে মনমতো সরকার গঠন করতে চায় তারা। আর জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ও জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতেই আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। কিন্তু সরকার তা মানতে চায় না। কারণ সংস্কার বাস্তবায়িত হলে তারা ভোট চুরি করতে পারবে না। অবৈধ পন্থায় ক্ষমতায় ফিরে আসতে পারবে না।
ভোট চুরি ঠেকাতে এবং হত্যা নির্যাতনের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এসময় আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
